[কবি সরকার আমিনকে শ্রদ্ধা জানিয়ে]
শাফিক আফতাব--------
এইখানে ধর্মের কুঁড়া নদী ছিলো _ টলটল স্রোতে কলকল বয়ে যেতো ;
দু’তীরে ছিলো উর্বর জনবসতি, ভোলা মাঝির খরায় ঝাপঁতো পুঁটি খলিসা_
কই’রা গেরিলা যোদ্ধার মতো কার্তিকের ঝড়ে উজোতো ;
ভোর বেলা ভরে দিয়ে যেতো ভোলা দা আমাদের মাছের মালসা।
সকালের সাদা রোদ, ধানের ছড়া ছড়া শীষ, আর উচ্ছল মাছের ঝাঁক ;
দুটো দুধের গাইয়ের সের সের দুধ, আর নববধুঁর ভরা গোল বুক _
সবমিলে ঘরগিরস্তির আহা কেমন আবহমান অমৃতের স্বাদ !
এসব দেখে ধর্মের কুঁড়া নদী দিয়ে যেতো আমাদের ভালোবাসার আস্বাদ।
শুক্র আর সোমবারে ধর্মের কুঁড়া নদীর তীরে বসতো মাঠের হাট ;
দূর দূরান্ত থেকে আসতো হাটুরে, ব্যগে ভর্তি সদাই মুখে, ভাটিয়ালি গান ;
খরার মাছ আর বাজারের নতুন খাবার খেয়ে বধু আর শাশুড়ির বাড়তো ঠাঁট -
রাতের আধাঁরে তারা ভরাতো সারাদিনের কর্মক্লান্ত পরাণ।
ধর্মের কুঁড়া নদী নেই, বধুঁর ভরা বুক নেই, নেই গাইয়ের সের সের দুধ ;
মানুষের মানবতা নেই, গিরস্তি নেই, তারা রুগ্ন পঙ্গু, বাঁচে খেয়ে ওষুধ।
নিসর্গ : ঢাকা
২৭.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



