শাফিক আফতাব---------------
কাইনচ্যা বাড়িতে গেলে বসন্তের শন শন বাতাসের মতোন
শব্দ পাই
মনে হয় কোথাও অদূরে ঝর্ণার চঞ্চলধারা পাথর গলাচ্ছে
তুমি আসোনিতো এখানে
খুলে ধরোনি আবহমান প্রপাত ?
চারপাশে তাকাই, দেখি : বাঁশপাতা, হলুদ, কাঁচা, বাতাসের ধাক্কায় ক্যার্ ক্যার্
করে করে ঢেঁকির শব্দ তুলছে
ঘুঘু আনমনে মোলায়েম নরম সুরে সাথিটিরে ডেকে ডেকে সাড়া
গাবের ডালে, আর ডাউয়ার পাতায় নিঃসঙ্গ এক শালিক
আহত পাখায় স্মৃতিমন্থনে ঝরাচ্ছে চোখের জল
আর আমি শুধু শন শন শব্দ শুনে
এই সব নিঃসঙ্গ পাখিদের মতোন বৃদ্ধের মতোন স্মৃতি হাতড়াই
কাইনচ্যা বাড়িতে যদি আবার দেখা হয় তোমার আমার; অন্ধকারে, মুখোমুখি............
[০৬.০৬.২০১৩ মধ্যদুপুর]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



