সেইসব মানুষ
___ শাফিক আফতাব
এমন অনেক কুয়াসায় তুমি আমি উপশহরের ঘাসময় পথে হেঁটেছি
আমাদের চলায় পুরনো বিলীন মানবী আর মানবীর ছায়া ভেসেছিলো __
মনে হয়েছিলো এই পথে কত কত দিন হৃদয়ের খেলায় খেলেছে কানামাছি
অনেক ভালোবাসার মানুষ। একে অপরের জন্য প্রাণ সঁপেছিলো।
সেইসব মৃত প্রাণের আকুতি, প্রণতি, প্রেম হৃদয়ের আবেগের পদাবলি __
আমাদের পথে যেতে যেতে শিশির ভেজা ঘাসে চরণে ছুঁইতো সেইসব ইতিহাস,
চারপাশে সাদা কুয়াসার চাদর, হিমশীত, ব্যঞ্জনা গীত__তবু রঙিন দীপাবলি
আমাদের হৃদয়ে দিয়ে যায় চেতনা। প্রতিদিন নব নব কলিকায় আমরা প্রকাশ।
সেইসব মানুষ ঘামে, প্রেমে, সংগ্রামে কঠিন কঙ্কালের আঘাতে গড়েছে ঐতিহ্য ;
পথের ঘাসে, বাতাসে, শ্বাসে আমরা পাই তারি উদ্দেশ__আর চাকার চেতনা __
অথচ সেইসব কারিগর-মানুষ আমাদের অনেকের কাছে উচ্ছিষ্ট, অপাংক্তেয় অসহ্য :
তাদের প্রেম কাম সংগ্রাম__আর কঠোর কঠিন জীবন আমাদের অজানা।
মানবী, তোমাকে পেয়ে মনে হয় তুমি শত জনমের থেকে উঠে আসা এক চেতনা
আর আমিও কোটি পুরুষের রক্তের নির্যাস বেয়ে আসা এক শ্রমশিল্পী আর সুচেতনা__
১৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




