গতকাল (০৮।০৯।২০১৫) প্রধানমন্ত্রী আসার কারণে কিছু সময়ের জন্য হাইকোর্টের মোড়ে সকল যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল, এমনকি হেঁটেও রাস্তা পার হওয়া যাচ্ছিল না। সেখানে আমি এবং আমার আরো তিন বান্ধবী ছিলাম। আমরা অবস্থার পূর্ণ ফায়দা নিতে হি হি হা হা করে আড্ডা দিচ্ছিলাম। তখন আমার কেন যেন মনে হল কে যেন তাকিয়ে আছে, কে যেন তাকিয়ে আছে! ঝট করে আশেপাশে তাকালাম, নাহ! কেউ তাকিয়ে নেই তো! আমার মনের ভুল হয়ত। কিছুক্ষণ পর আবারো সেই একই অনুভূতি, কেউ একজন অবশ্যই বিশ্রীভাবে তাকিয়ে আছে। কি মনে হতে এবার আশেপাশে না তাকিয়ে উপরের দিকে তাকালাম। যা ভেবেছিলাম তা-ই, শিক্ষা ভবনের জানালা থেকে এক অতি শিক্ষিত (!) ভদ্রলোক (!) হা করে আমাদের দিকে তাকিয়ে আছে! দেখে যা মনে হল উনি মধ্য-চল্লিশের হবেন। মাথায় আগুন ধরে গেল, হাত নেড়ে হাই বললাম, হাই আঙ্কেল! উনি দৌঁড়ে গিয়ে ওনার আরেক সহকর্মীকে ডেকে আনলেন, তারপর নিজেও আমাদের উদ্দেশ্যে হাত নাড়লেন। কিন্তু দুঃখের ব্যাপার ওনার সহকর্মী আমাদের প্রতি তেমন আগ্রহবোধ করলেন না, তিনি নিজে তো গেলেনই, ওই মধ্যবয়সী ভদ্রলোককেও (!) টেনে সরিয়ে নিয়ে গেলেন জানালার সামনে থেকে।
নারে ভাই, শুধু তাকানোতে আমার কোন সমস্যা নেই, কিন্তু বিশ্রীভাবে তাকানোতে আমার ঘোর আপত্তি। আর আমি কীভাবে বুঝলাম উনি বিশ্রীভাবে তাকিয়েছেন? এই প্রশ্ন ভুলেও কোন মেয়েকে করতে যাবেন না প্লিজ। মোটামুটি মাথায় ঘিলু আছে এমন সকল মেয়েরই এই ব্যপারে ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর। আর আমার মাথায় ঘিলুর অভাব নেই বলেই আমি মনে করি।
কোন কমবয়সী ছেলে এই কাজটা করলে যতটা না মাথায় লাগতো ওই লোক করাতে তারচেয়ে বেশি মাথায় লেগেছে। কমবয়সী ছেলে হয়ত জীবন দেখেনি, হয়ত এখনও "সম্মান" শব্দটাই চেনে না, কিন্তু মধ্য-চল্লিশের একজন লোক যে জীবনের ৪৫ বছরই তার মা-বোনের সাথে কাটিয়েছে, ১৮বছর হয়তো স্ত্রীর সাথে কাটিয়েছে এবং সবচেয়ে বড় কথা ১৫বছর নিজের মেয়ের সাথে কাটিয়েছে সে জীবন দেখেনি, "সম্মান" চেনে না, এটা ভাবতেও ঘেন্না লাগে।
ওই লোক আমার গায়ের মাংস খুলে নিতে পারেনি, আমাকে অশুচিও করতে পারেনি কিন্তু যেই বাতাসে আমি নিঃশ্বাস নেই সেই বাতাসকে অশুচি করে দিয়েছে। এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে না, কিন্তু ধীরে ধীরে অশুচিতার পরিমাণ বেড়ে গেলে কিছুদিন পর হয়ত নিঃশ্বাস নিতে কষ্ট হবে এরপরে একদিন নিঃশ্বাস নিতেও ঘেন্না লাগবে!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


