দানব নামে রাজপথে, বিভিষিকাময় দানব
ঘুমন্ত নগরী কেঁপে উঠে, বুলেট আর বারুদে
আগুনের লেলিহান শিখায় জ্বলে ঘরবাড়ি।
লাশের স্তুপ চারদিক;
নারী,শিশু,পঙ্গু ,যুবা, পুরুষ।
হায়েনার ছোবলে বাদ যায়নি নিরীহ পথচারি,
আর ফুটপাতের ঘুমন্ত বৃদ্ধা,
রিক্সাওয়ালা। ২৫শে মার্চ,১৯৭১ ঢাকা।
রণহুঙ্কারে কাঁপে মাটি।
ইয়াহিয়ার দোসর জুলফিকার ভূট্টো,
টিক্কা খান,সেনা কমান্ডার আরবাব
ঢাকায় চালায় গণহত্যা। মানুষ নয়,
মাটি চাই এই তাদের পোড়া মাটি নীতি
অপারেশন সার্চলাইট নামে অন্ধকার রজনীতে
আলোর শিখা যায় দেখা, কামানের স্ফুলিঙ্গে।
মানুষের লাশ পড়ে চাপা, ট্যাঙ্কের তলায়।
পিলখানা, রাজার বাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে
হত্যার মহোৎসব। তরুণ ছাত্র, শিক্ষক,
বাঙালী ইপিআর, পুলিশ সেদিন প্রথম
প্রহরের টার্গেট। সফল অপারেশন।
বাহ্ বাহ্ সাবাস এইতো চাই !শয়তান ভূট্টো !!
প্রসংশায় মূখর, সফল সেনাঅভিযান।
রক্তের স্রোতে বহমান বুড়িগঙ্গা
একটা শিশু কেঁদে উঠে,
বেয়ারিশ লাশের সারির পাশে
বারুদের ভেতর জন্মায় প্রতিরোধ, চারদিকে।
ইতারে ভাসে নেতার কন্ঠ,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
গর্জে ওঠে বীর বাঙ্গালী, সাহসে, আবেগে, নির্ভিক।
ভূমিষ্ঠ হবে এক নয়া শিশু-জাতি;কান্না, বেদনা,আর মৃত্যুর মাঝে;
অবুঝ শিশুর ক্রন্দন, সাহসী এক উচ্চারণ।
ব্যস্ত পাকিজান্তা, অপরাধ লুকায় মাটির ভেতর
গণকবরে চাপা দেয় শহীদের লাশ।
প্রভাতে সূর্যের চেয়ে লাল ঢাকার রাজপথ।
খুনির ঘুম নেই চোখে, কারফিউ চলছে।
ব্যস্ত কিছু মিলিটারি ভ্যান, সাঁজোয়া যান।
লাশ আর লাশ এখানে সেখানে
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


