সরকারী চাকরী, প্রেক্ষিত : দেশের উন্নয়ন
মনজু
‘সরকারী অফিসে টাকা ছাড়া কোন কাজ হয়না।’ এ অভিযোগ বহু পুরনো। সরকারী অফিস মানে চৌকিদার থেকে প্রেসিডেন্ট পর্যন্ত। যারা সরকারী বাড়ি, গাড়ি পেয়েও ঘুষ নেন সেটা তাদের উচ্চাভিলাষ। সেটা আলোচ্য বিষয় নয়। বিষয় হচ্ছে সম-সময়ে মহা দুর্মুল্যের বাজারে একজন সরকারী চাকুরে শিক্ষা ভাতা পান ২০০/- (দুই শত) টাকা। বাংলাদেশের কোন্ জেলা বা উপজেলা শহরে দুজন বা চার জন শিক্ষার্থীর শিক্ষা ব্যয় ২০০/৩০০ টাকায় নির্বাহ করা সম্ভব কেউ কি বলতে পারেন?
আর যাতায়াত ভাতা ১৫০/- টাকা। একটা মাস কোন সদাশয় গাড়িয়াল ১৫০/- টাকায় সকাল বিকাল একজন মানুষকে অফিস-বাসা, বাসা-অফিস টানা টানি করবে?
টিফিন ভাতা পায় একজন ১৫০/- টাকা। দুপুরে যদিও এদেশে কেউ টিফিন করেনা তথাপি এ ভাতার নাম টিফিন ভাতা। বাংলাদেশ নামক এ দেশটাতে দিনে ৬/- থেকে সাড়ে ৬/- টাকায় দুপুর বেলা কোন হাতেম তাই আপনাকে টিফিন করাবে?
চিকিৎসা ভাতা জোটে একজনের কপালে ৭০০/- টাকা। এ টাকায় একজন সরকারী চাকুরের পরিবারের চিকিৎসা কে করবে? কোন ডাক্তার? কোন হাসপাতাল?
আবার অন্যদিকে যে কর্মচারী সরকারী বাসায় থাকেন তার বেতন থেকে প্রদত্ত বাসা ভাড়া এবং ভাতা, গ্যাসবিল, পয়:কর, পৌরকর, পানিকর ইত্যাদি কেটে রাখা হয়। মাসে আবার একটা হ্যান্ডসাম ফিগারের বিদ্যুৎ বিল ও তাকে শোধ করতে হয়। এসবের পর মাসের শেষে বেতন বলতে হাতে আসে কারো ৮০০০/- কারো ৯০০০/- কারো ১০,০০০/- টাকা। এ টাকাটা দিয়ে বড় জোর একটা পরিবার ১০/১২ দিন টেনে টুনে চলে যেতে পারে। কিন্তু বাকী দিনগুলো? এসব কথা বলে ঘুষের কোন বৈধত দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই। সরকারী চাকুরী নামক সোনার হরিণের পেছনে ছুটে যারা জীবনপাত করছে, দেশ ও দশের সেবা করছে তাদের আসলে দেখার কেউ নেই। তারা অভিভাবকহীন। তাদের বাস্তব অবস্হা বিবেচনা করে উপযুক্ত পাওনার ব্যবস্হা করলেই এই অবস্হা থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু সেটা করবে কে?
ব্যক্তি খাতের বড় বড় কোম্পানীগুলো এর সম্পূর্ণ ব্যতিক্রম। একজন চাকুরের মাসিক খরচ যদি হয় ৩০,০০০/-টাকা আর কোম্পাণী যদি তাকে বেতন দেয় ৬০,০০০/- টাকা তাহলে তার কেন ঘুষ চাইতে হবে? এসব কোম্পানীতে আবার বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) হয় ৫০০০/- থেকে ২০/৩০ হাজার টাকা। আর সরকারী চাকরীতে ইনক্রিমেন্ট হয় ১০০/- থেকে ৪০০/- টাকা। এই যখন অবস্হা তখন নিরুপায় সরকারী চাকুরেদের করণীয় কে বলে দেবে? দেশের ১৪/১৫ লক্ষ সরকারী কর্মচারীকে অভাব, অনটন, অপুষ্টিতে রেখে দেশের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। পেটে না দিলে কিন্তু পিঠে সয়না। পরিবারের, সন্তানদের সমস্যা মাথায় রেখে কোন কর্মচারীই ভালো সেবা দিতে পারেননা। আর তাতে করে দেশের উন্নতি না হবে নিশ্চিত না হবে ত্বরান্বিত। দেশ পিছিয়ে পড়ছে।
এত দুরবস্হা, এত অসংগতি আমাদের পাশ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলংকা এমন কি নেপাল, ভুটানেও নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

