সুললিত একটা ভোর দেখবো বলে আজ
আমার নীল বিছানার সাথে বিদ্রোহ করে
উঠে গেছি সেই সাত সকালে। একটা মিষ্টি
ভোর মানেই যে তোমার ভালবাসাময়
দুটি আঁখির অমৃত সুধা পান করা।
জানলার পাশের মেহেদী গাছটিতে
রাত কাটানো ছোট্ট পাখিগুলোর সুরেলা
কণ্ঠের গান শুনবো বলে জাগিয়ে দিয়েছি
ঘুম জড়ানো, স্বপ্ন-বিভোর আমার
অবোধ নয়ন যুগলকে।
ওদের গানের মধ্যেই যে আমি পাই
তোমার প্রাণ জাগানিয়া বাঁশির সুর।
সবেমাত্র তোমার নামটি নিয়েছি মনে,
অমনি ভীমের রূদ্ররোষ এসে গ্রাস
করে নিল আমাকে তোমার কাছ থেকে।
কি ভয়ানক নিকষ কালো অন্ধকার
ছেয়ে দিল আমার স্বপ্ন গুলোকে;
থমিয়ে দিল বাঁশির সুর প্রকম্পিত গর্জনে।
ভয়ার্ত অসহায় এই আমি যখন
ডুবে যাচ্ছিলাম অতল অন্ধকারে;
তুমি এলে, হাত বাড়িয়ে বুকে জাপটে
নিলে অন্ধকারে নিমজ্জিতপ্রায় এই আমাকে।
তোমার ভালবাসার কাছে পরাজিত হল ভীম।
বৃষ্টি এল আমার দুচোখ ভরে,
বৃষ্টি এল আকাশ জুড়ে।
ভালবাসার অঝোর ধারায় স্নাত হলাম
তুমি, আমি আর আমাদের পৃথিবী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






