আমি একটা গোঁয়াড় টাইপের লোক
যা ভাবি তা করিই করি
ধরো, যদি ভাবি যে তোমার হাত ধরবো
তবে তা একদিন আমি ধরবোই ধরবো
প্রয়োজনে, তোমার হাত ধরার জন্য
জ্যোতিষবিদ্যা শিখবো তিন বছর।

আমি এমনই এক গোঁয়াড় যে,
তোমাকে ভালোবাসবো বলেছি তো
সারাজীবনই বাসবো।
সরকার যদি আমাদের প্রেমে হুলিয়া জারি করে
আর সেদিন যদি শহরে থাকে কারফিউ;
আমি এমনই গোঁয়াড় যে,
কারফিউ উপেক্ষা করে সেদিন সারা দিন
তোমার হাত ধরে ঘুরে বেড়াবো তো
বেড়াবোই সারাটি শহর।
আর, তুমি যদি প্রতারণা করো
তবে আমি সেই গোঁয়াড় যে,
তোমাকে পাওয়ার জন্য জনতা ব্যাংকের
চৌদ্দতলা থেকে লাফিয়ে পড়ে
মরে যেতে পারি!
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৮ রাত ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



