কলেজ জীবনে আমার একজন প্রেমিকা ছিলো, সে আমাকে জড়িয়ে ধরলে আর ছাড়তে চাইতো না। সে আমার চাইতে বয়সে বড় ছিলো আর আমার চেয়ে অনেক লম্বা থাকায় তার বাহুবন্ধনীর ফাঁক ফোকর দিয়ে আমি মাঝে মাঝে দৌড়ে পালাতাম।

সুযোগ পেলে সে আমাকে আবার ধরতো, আমাকে সে আঁকড়ে ধরে রাখতো প্রায়শই অক্টোপাসের মতো। তার এই নাছোড়বান্দা প্রেম আমাকে পুলকিত করত না বরং আমি বিব্রত হতাম খুব। তার প্রতি আমার এই বিমুখতা দেখে সেও খুব বিব্রত হতো আর বলতো, আমার বয়স আর উচ্চতাই কি তোমার মাথাব্যথার কারণ, লাকী? আমি মুখে কিছু না বললেও শরীরের ভাষা দিয়ে তাকে বুঝাতাম যে আমি তাকে সত্যিই সহ্য করতে পারছি না।
ইদানিং মধ্যবয়সে এসেও আমার সেরকম একজন প্রেমিকা জুটেছে। আমাকে ধরলে সে আর ছাড়তেই চায় না। তার বাহুবন্ধন থেকে আমি কোনো ভাবেই মুক্ত হতে পারি না। তাকে পরিত্যাগ করার জন্য আমি কলিকাতা হারবাল থেকে শুরু করে মজনু কবিরাজ আর মসজিদের ইমাম সাহেবের কাছেও গিয়েছি। ওষুধ-পত্র, তাজিব আর ঝাড়ফুঁকে কাজ হচ্ছে না। তার প্রেম এতই প্রবল যে কোনো চেষ্টাতেও তাকে আমি সরাতে পারছি না। তিন দিন আগে সে মধ্যরাতে একবার আমাকে জাপতে ধরেছিলো, আজ সারাদিনও সে আমাকে খুব করে জড়িয়ে ধরে রেখেছে। তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে না পেরে অতঃপর প্রায় দুই ঘন্টা ধরে তাকে নিয়ে শুয়ে ছিলাম নীরব একটি কামরায়। তার সাথে দুঘণ্টা শুয়ে থাকার পরেও আমার প্রতি তার মোহ একটুও কাটে না। সে আমাকে কিছুতেই ছাড়তে চায় না।
সত্যি বলতে কি, আমার প্রেমিকাদের নিয়ে আমার মাথাব্যথার শেষ নেই আর আমার মাথাব্যথা নিয়ে আমার প্রেমিকাদের কোনোই মাথাব্যথা নেই।
(পুনশ্চঃ আমার সেই কলেজ জীবনের প্রেমিকার নাম জ্বর আর বর্তমান প্রেমিকার নাম মাথাব্যথা)
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




