বসার ঘরের এককোণে, কাঁচের সে এক ফুলদানি;
নিত্যদিনের অবহেলায়, আজ সে ভীষণ অভিমানি!
বাহারি ফুলে আর সাজেনা, যত্ন করে কেউ মোছেনা;
ধূলোমাখা গায়ে তার, চকচকে ভাব আর ফোটেনা।
নামকরা এক শপিং মলে, শোকেসে সে ভালই ছিল;
পছন্দের এক উপহার হয়ে, একদিন সে বিক্রি হলো।
দেখলো সবাই মোড়ক খুলে, যত্ন করে রাখলো তুলে;
বাসর শেষে নতুন সে বউ, সাজিয়ে দিল বাসি ফুলে;
দিন কেটে যায় এমনি করে, বাসি ফুল যায় যে ঝরে,
বুঝতে পারে ফুলদানিটা, নতুন ফুল এক আসছে ঘরে।
মাস ফুরিয়ে বছর শেষে, নতুন বউয়ের কোলটা জুড়ে;
ফুটফুটে এক মানব শিশু, ফুলের মতই উঠলো বেড়ে।
ঠুনকো কাঁচের ফুলদানিটা, অভিমানে আজ সে একা;
ফুলে ফুলে আর সাজেনা, নতুন বউয়ের পায়না দেখা।
ফুল ফোটানোর নেই ক্ষমতা, বাসি ফুলই তার ভরষা;
মাটির কোন টব হলে সে, মেটাতো তার মনের আশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




