মাত্র ছয় বছর পার হয়েছে। অথচ মিডিয়ার সংবাদ শুনলে মনে হয় কতো বছর আগের কোন বিচ্ছিন্ন(!) ঘটনা। ২০০৬ সালের এই দিনে সংঘটিত হয়েছিল ৭১ পরবর্তী বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য, নারকীয় হত্যাযজ্ঞ। যেখানে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের রাজধানীতে প্রকাশ্যে, দিবালোকে হত্যায় মেতে উঠেছিলো রাজনীতিবিদ নামের কিছু পশু।
২০০১ নির্বাচন পরবর্তী সহিংসতা, প্রধানমন্ত্রী পরিবার আর তাদের সাঙ্গপাঙ্গদের সীমাহীন দুর্নীতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আর দেশ জুড়ে জঙ্গি তৎপরতার কারণে অধিকাংশ মানুষ বিএনপি-জামাত জোট সরকারের উপর চরম অসন্তুষ্ট ছিল। একই সাথে সংসদ নির্বাচন নিয়ে তাদের নানামুখী ষড়যন্ত্র, নির্বাচন কমিশনার পদে এম. এ. আজিজের মত বেহায়া আঁতেল নিয়োগ আর প্রধান উপদেষ্টার পদ নিয়ে চক্রান্তের কারণে বিরোধী দল আওয়ামী লীগ রাজপথে তাদের আন্দোলন অব্যাহত রাখছিল। এর চূড়ান্ত বহিঃ প্রকাশ ঘটে ২৮ অক্টোবর প্রধান উপদেষ্টার শপথ গ্রহণ করার দিনে। হরতাল, অবরোধ এগুলো দেশে সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। এর বিপরীতে পুলিশের লাঠিচার্জ, সরকারী দলের ক্যাডারদের সাথে ধাওয়া, পাল্টা ধাওয়া এগুলিও সমান তালে ঘটেছে। কিন্তু বর্বরতার চরম সীমা লঙ্ঘন ঘটেছিল ২০০৬ এর এই দিনে।আজ যখন মিয়ানমার কিংবা ভারতের প্রত্যন্ত কোন অঞ্চল অথবা বাংলাদেশের উপকূলীয় এলাকার সহিংসতা নিয়ে আমরা বিভিন্ন ধরণের জ্বালাময়ী কথা বলি তখন মনে হয় সে দিনের ওই সহিংসতার কাছে এগুলো তো কিছুই না। বৃষ্টির মত গুলি চালানোর জন্য মাইকে আহ্বান, লগি-বৈঠা দিয়ে পৈশাচিক উল্লাসে রাজপথে প্রকাশ্যে মানুষ খুন এগুলো পাশবিকতাকে সবার কাছে নতুন ভাবে উন্মোচন করেছিলো ক্ষমতার নেশায় বুঁদ হয়ে থাকা প্রধান চারটি রাজনৈতিক দল।
তবে বরাবরের মতই অতীতের সব কিছু বিস্মৃতির অতলে নিয়ে যেতে পারদর্শী আমরা এসব ঘটনাও ভুলে যেতে বসেছি। সবচেয়ে হাসি পায় দুই দলের কর্তা ব্যাক্তিদের কথা শুনলে। সে দিন কি ঘটেছিল তা বিভিন্ন টিভি চ্যানেল সরাসরি প্রচার করেছিল। ইউটিউবেও সার্চ দিলে ওই দিনের সহিংসতার অনেক ফুটেজ পাওয়া যায়। এই ঘটনা নিয়েও তারা আর সবকিছুর মতই একে অপরকে দোষারোপ করে। আজ ১/১১ নিয়ে অনেক কথা হয়। এখনো ১/১১'র ভয় অনেক শিল্পপতি আর নেতাদের তাড়া করে ফেরে। অথচ এই ১/১১ এসেছিল ১০/২৮ এর সহিংসতার কারণেই। ক্ষমতালোভী রাজনীতিবিদরাই এর জন্য দায়ী। তাদের অপরিণামদর্শিতার জন্যই জনগণকে ভুগতে হয় বার বার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





