তোমার আঙ্গুল ছুয়ে থাকার দুঃসাহসিক স্বপ্ন আমি কখনই দেখিনি, তোমার ওষ্ঠে আমার কুৎসিত ঠোঁট রেখে যৌবনের শিহরনে অনুরনিত হতে চাওয়াটাও আমার কল্পনার অংশ নয়...
পৃথিবীময় যখন জ্যোৎস্নার প্লাবন তখন তোমার নরম চুলে নাক গুজে আদুরে কণ্ঠে বলতে চাইনি ভালোবাসি তোমায়।
শুধু কিছুটা কাছাকাছি থাকতে চেয়েছি। যতটা কাছাকাছি থাকলে, তুমি আর আমি একসাথে বৃষ্টি দেখে আনমনা হতে পারবো। যে গ্রীষ্ম তোমার নাকের ডগায় চিকচিকে ঘাম এনে দেয়, সেই গ্রীষ্মের দাবানলে আমিও ঘর্মাক্ত হতে পারবো। শীতের প্রথম কুয়াশাটা, আমাকে আর তোমাকে একসাথে জড়িয়ে রাখতে পারবে। একটাই জোনাকি তোমার আর আমার জানালায় আলোর মিছিল নিয়ে আসবে। যে পথের ধুলায় তোমার স্পর্শ সেই ধুলার স্পর্শে আমিও পথ চলতে পারবো।
খুব বেশী কাছাকছি নয়, শুধু কিছুটা কাছাকাছি থাকতে চেয়েছি, যতটা কাছাকাছি থাকলে, রক্তমাংসের তুমি স্পর্শের বাইরে আর অনুভূতির তুমি ও আমি একসাথে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



