আমাদের পৃথিবীতে ৩ ধরনের মানুষ বাস করে। এদের মধ্যে কেউ হল গ্রহ বা নক্ষত্রের মত, কেউ উপগ্রহের মত, কেউ বা আবার মহাশুন্যে ভেসে বেড়ানো ছোট বড় পাথরের মত।
যেসব মানুষেরা গ্রহ বা নক্ষত্রের মত তারা সবসময় নিজেদেরকে খুব বড় কিছু মনে করে (হয়ত বা তারা আসলেই অনেক বড় কিছু)। সাধারন মানুষেরা দূর থেকে তাদের দেখে, তাদের কাছে যাওয়ার ইচ্ছা পোষন করে, তাদের মত বড় হতে চায়। কিন্তু ওইসব গ্রহ বা নক্ষত্রেরা সবসময় আসে পাশে কিছু উপগ্রহ নিয়ে চলাফেরা করে বলে অনেকেই তাদের কাছে ভিড়তে পারেনা। কিছু মানুষ আবার উপগ্রহ পছন্দ করে না বলে তাদের কাছে ভেড়ার চেষ্টাও করে না। এরা নিজেদের চারপাশে অদৃশ্য এক বৃত্ত এঁকে তার ভেতরেই বাস করে। সংখ্যার দিক দিয়ে বিবেচনা করলে এইসব নক্ষত্র মানবেরাই সবচেয়ে কম।
যেসব মানুষদের আমি উপগ্রহ বলছি তারাও নিজেদের 'কিছু একটা' ভাবতে খুব পছন্দ করে, যদিও তারা তেমন একটা কিছু না। কিন্তু গ্রহের আসে পাশে থাকতে থাকতে তারাও একটা সময় নিজেদের গ্রহ ভাবতে শুরু করে, তাই এদের চরিত্রের সাথে 'সূর্যের চেয়ে বালি গরম' প্রবাদটা খুব ভাল যায়। তবে এদের চরিত্রের একটা ভাল দিক হল এরা সবার সাথেই সম্পর্ক রাখে, তবে অবশ্যই একটা নিরাপদ দুরত্বে থেকে। সংখ্যার দিক দিয়ে এরা খুব একটা বেশি না হলেও নেহায়েত কম নয়।
পৃথিবীতে যে ধরনের মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, তাদেরকে আমি তুলনা করছি 'মহাশুন্যে ভেসে চলা ছোট পাথর'-এর সাথে। আলাদা আলাদা ভাবে এদের কথা চিন্তা করলে এরা খুবই ক্ষুদ্র আর অক্ষম, তবে সামগ্রিক ভাবে এদের ক্ষমতা অনেক। আমরা এদেরকে সাধারন মানুষ বলি, যদিও সামগ্রিকভাবে এরা অসাধারন। আর এই সাধারন মানুষগুলোর হাতেই রয়েছে সবকিছু ভাঙ্গার আর গড়ার অসাধারন কিছু করার ক্ষমতা!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


