আড়াইলাখ ডলার জমা দিয়ে কানাডার পিআর ভিসা কি আসলেই পাওয়া যায়? =
কাল রাতে এক বন্ধু মিডল-ইস্ট'এর এক দেশ হতে আমাকে ফোন দিলো। কানাডায় ইনভেস্টর ক্যাটাগরিতে ইমিগ্রেশনের আবেদন করতে গিয়ে সে আটকে গেছে; তা নিয়ে আলাপ করতেই ফোন।
বাঙালি এক 'কনসালটেন্টকে' নাকি আমার এ বন্ধু ইতোমধ্যেই লাখখানেক টাকা দিয়ে দিয়েছে। কথা ছিল, আড়াইলাখ ডলার জমা দিলেই কানাডার পিআর ভিসা প্রসেসিংয়ের ব্যবস্থা হয়ে যাবে। এ অর্থ জমা দেবার আগে ফাইল খোলা, সাবমিট করা, ইত্যাদির শুরুতে ওই একলাখ টাকা 'কনসালটেন্ট' গ্রহণ করেছেন।
তারপর মাস দুয়েক আর খবর নাই। বন্ধু মনে করেছিল ফাইল তৈরী করতে 'কনসালটেন্ট' সময় নিচ্ছেন। তাই, সে বিরক্ত করেনি তাঁকে। অবশেষে 'কনসালটেন্ট' সাহেবকে ফোন দিলো সে। কনসালটেন্ট জানালেন, 'কানাডা নিয়ম পরিবর্তন করেছে। এখন আড়াই লাখ ডলার দিলে আগের মতো পিআর ভিসা পাওয়া যায় না, ওয়ার্ক পারমিট পাওয়া যায় শুধু।' এ অবস্থায় কনসালটেন্ট অনুমতি চাইলেন তিনি আমার এ বন্ধুর জন্য ইমিগ্রেশন ভিসার পরিবর্তে ওয়ার্ক পারমিটের প্রক্রিয়া শুরু করবেন কিনা? বন্ধু আমাকে ফোন করেছে তার করণীয় কি হতে পারে তা নিয়ে আলাপ করতে।
বন্ধুর কথা শুনে তাকে বললাম, 'তুমি কনসালটেন্ট সাহেবকে বলো, কানাডার আইন যে বদলে গেছে তার প্রমান হিসেবে তোমার কাছ থেকে এক লাখ টাকা গ্রহণের আগের আইন আর পরের আইনের কপি তোমাকে পাঠাতে।'
বন্ধু বললো, 'আইন দেখে আমার কি হবে?'
- 'আইন ঠিকঠিক বদলেছে কিনা তা দেখে তুমি সিদ্ধান্ত নিতে পারবে ওই এক লাখ টাকা তার কাছে ফেরত চাইবে কি চাইবে না। আইনের তেমন কোন সাম্প্রতিক পরিবর্তন তো আমার চোখে পড়েনি।' ... ...
কথা শেষে সে বন্ধুর কাছ থেকে ওই 'কনসালটেন্টের' নাম সংগ্রহ করে কানাডা সরকারের রেজিস্ট্রি চেক করে তেমন কোন কনসালটেন্টের অস্তিত্ব খুঁজে না পেয়ে হতাশ হলাম। তারমানে, টাকা উদ্ধারের কোন সুযোগ নেই।
রেজিস্ট্রির লিংকটি আপনিও সংগ্রহে রাখতে পারেন: https://iccrc-crcic.ca/find-a-professional/ [কেবল লাস্ট নেইম লিখেই চেক করা যায়।]
প্রতারক হতে সাবধান!
ML Gani, Regulated Canadian Immigration Consultant (RCIC)
[email protected]
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


