![]()
দুরত্বই যদি নিয়ামক হয়ে যায়
তবে তোমার ভালোবাসায় খাঁদ ছিল
এভাবে রাতের পর রাত হেলায় কাটিয়ে দেয়া-
নতুন গ্যালাক্সির প্রত্যাশায় কোনও এক কসমোলজিস্টের মতন
মশারির জাল থেকে চোখ জানালা হয়ে এক্কেবারে সুদূরের পানে
সেখানের নানান জ্যামিতি আর তারা গুনতে গুনতে হারিয়ে যাওয়া
লক্ষ্মী চাঁদটা কখনওবা ভিজিয়ে দিত জোছনায়
আবার হারিয়ে যাবার গল্প;
আমি তুমি সবাই হারিয়ে যায়
কিছুই থাকেনা তখন
ভালবাসা প্রেম আবেগ যেন চোরাবালি
তোমার কল বিহীন এই মুঠোফোন আমার কাছে
পিতার কাঁধে পুত্রের লাশের মতন-
স্ক্রিনে চেয়ে চেয়ে ক্লান্ত পাতারা এলিয়ে পড়ে
আবারো হারিয়ে যাবার গল্প
হারিয়ে যায় স্বপ্নের অন্ধকার গলিতে
সেখানে নৌকার গলুইয়ের মতন কামনারা জড়িয়ে ধরে
জানি না, জানতে চাইও না
কখনো আমার প্রতীক্ষার শেষ হবে কী না
জেনে রেখ শুধু-
তোমার মুঠোফোনে আর বেজে উঠবে না ক্রিং ক্রিং
ব্যস্ততার কণ্ঠস্বরে বলতে হবে না- ‘পরে করিও’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




