
নিজের ভেতরে ঢোকার দরজাটা সবার জন্য খোলা রাখা উচিত না
নিজের গোপনীয়তার অন্ধকার সিন্দুকটা সিলগালা থাকাই ভালো
বাসনার ব্যাকুল টলোমলো ধারা কাউকেই বুঝতে দিবো না
কাউকে দরকার নেই
আমার গানের এই নির্জন বাশরীটা আমি নিজেই বাজিয়ে যাবো।
এই নগরীতে জীবন আর মৃত্যু পাশাপাশি শুয়ে আছে
অনেক আবর্জনা অনেক ভন্ডামির দাগ লেগে আছে এই কংক্রিটের ফাঁপা সভ্যতায়
অবিশ্বাসগুলো ক্রমই ঘন হয়ে আসছে
দেহ-মনে অবিরাম ভাংগন চলতেই থাকুক না
হ্নদয়ে অবিরাম রক্তপাত চলতেই থাকুক না
কাউকে দরকার নেই
আমার কাঁধে হাত রাখার জন্য আমার নিজের হাতটাই যথেষ্ট…
অবজ্ঞার ঘূর্ণিঝড় ধেয়ে আসছে, আসুক
যাবতীয় চোখ রাংগানী ঘিরে ধরেছে ,ধরুক
মিথ্যা আর চালাকির অদ্ভূত মিশ্রণ বাড়ছে, বাড়ুক
চিৎকার করে সত্য প্রকাশ করার দরকার নেই
এত বেশি চিন্তা করতে নেই
কাউকে দরকার নেই
রাতের নিস্তব্ধতার মধ্য দিয়ে নদীর স্রোত যেমন নিজের পথটা খুঁজে নেয় তেমনি সামনের আর কিছুটা পথ নিজেই চিনে নিবো
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



