
কেউ একজন আমাকে নিষ্কলুষ ভোরের মত প্রবল প্রেমে ভাসিয়েছে।
আমার তৃষ্ণার্ত হৃদয়টা ভরাট নদীর মত কানায় কানায় পূর্ণ হয়েছে,
এই কথা আমার পুত্র, পৌত্র, প্রপৌত্রের কাছেও পৌঁছে দিবো।
একটি কথা, যা আমি আগে বলিনি,
আজ তা বলে দিবো।
এত যত্ন করে তার মতো কেউ আমাকে ভালোবাসে নি।
কেউ একজন আমার বোবা অনুভূতিতে অমৃতের ভাষা দিয়েছে।
আমাকে স্বপ্নবাজ তাঁতির মত শব্দমালা গাঁথতে শিখিয়েছে,
এই কথা আমি উত্তর,দক্ষিণ, পশ্চিমেও রটিয়ে দিবো।
একটি কথা, যা আমি আগে বলিনি,
আজ তা বলে দিবো।
এত যত্ন করে তার মতো কেউ আমাকে বোঝে নি।
কেউ একজন আমার আটপৌরে ক্লান্তিতে প্রশান্তির শিশির নামিয়েছে।
শামুকের গুটিসুটি জীবন থেকে বের করে এনে আমাকে তার বুকের কার্ণিশে আশ্রয় দিয়েছে,
এই কথা আমার আকাশ, বাতাস, নদীকেও
জানিয়ে দিবো।
একটি কথা, যা আমি আগে বলিনি,
আজ তা বলে দিবো।
এত যত্ন করে তার মতো কেউ আমার অপেক্ষায় থাকে নি।
কেউ একজন আমার এলোমেলো দিনগুলোতে শৃঙ্খলার মশাল জ্বালিয়েছে।
আমার দীর্ঘ নৈ: শব্দ্যের ভেতর কোলাহলের রোদ্দুর এনেছে,
এই কথা আমি পাহাড়, সমুদ্র, অরণ্যের কাছেও পৌঁছে দিবো।
একটি কথা, যা আমি আগে বলিনি,
আজ তা বলে দিবো।
এত যত্ন করে তার মতো কেউ আমাকে আগলে রাখে নি…
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




