
আজ আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না, কথা বলতে পারছি না,
মোবাইল স্ক্রিনে নিজেকে আর ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ হিমালয়ের ভার,
এই চোখে আজ বিষাদের স্রোতধারা।
লালমাই পাহাড়ের গাঢ় সবুজ পাদদেশ এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
আজ আমি সুস্থভাবে চিন্তা করতে পারছি না
ঘুমোতে পারছি না,
খবরের কাগজে আর নিজেকে ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ সমুদ্রের ঝড়,
এই চোখে আজ ট্র্যাজিক হাহাকার ।
লালমাই পাহাড়ের শতাব্দী পোড় খাওয়া শান্ত বৃক্ষগুলো এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না,
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না।
আজ আমি কোন শব্দ লিখতে পারছি না
পড়তে পারছি না,
চেয়ার- টেবিলে আর নিজেকে ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ বারুদের স্ফুলিঙ্গ ঠাসা,
এই চোখে আজ ভারী মেঘের পাহাড়।
দুই পয়সার আইফোনের জন্য লালমাই পাহাড়ের এই ঊর্বশী হাওয়া, মাটি, জল এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না,
আমার প্রিয় অপ্রতীম নেই কিছুতেই বিশ্বাস করতে পারছি না…
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



