ভালবাসাটা যত্ন করে তুলে রেখ,
তোমার অয়ার-ড্রপে যত্নে তুলে রাখা
জামদানি শাড়িটার মত করে।
ওর বুকে মেখে রেখ,
তোমার উষ্ণ নিশ্বাসের মাদকতা।
সময়ের ঘুনপোকা যেন কাটতে না পারে ওর জমিন।
ভালবাসাটা বুকে জড়িয়ে নিও একবার,
তোমার আদরের বার্বি-ডলটার মত ভালবেসে।
বুকে শক্ত করে জড়িয়ে ধোরো,
ওর নাকে নাক ঘোসও!
আদর করে না হলেও-
খুব অবহেলায় ওর একটা নাম দিও!
টুকটাক গল্প করো ভালোবাসাটার সাথে।
তোমার বুকের সৌরভে ওকে স্নান দিও প্রতিদিন।
ভালবাসাটাকে হঠাৎ করে দেখতে এসো
তোমার একুরিয়ামে বেড়ে উঠা-
গোল্ড ফিসগুলোর মত আদর করে।
ভালবেসে কিছুটা কষ্ট ছড়িয়ে দিও নাহয়;
খুটে খুটে ভালোবাসা খুঁজে নিবে আধার,
তোমার আদরের গোল্ড ফিসগুলোর মতই!
কষ্টের আধারে একটু একটু করে বড় হবে ভালোবাসা।
ভালবাসাটাকে তোমার আয়নার এক কোনে জায়গা করে দিও
তোমার কপালের লাল টিপটার মত করে।
মন খারাপের দিনে;
খুব সেজে কপালে ওকে তুলে নিও নাহয় সেদিন
অথবা নিত্য অবেহেলায় ধুলো জমে উঠতে দিও ওর বুকে।
ম্লান হোক সব ওর রঙ্গ তবুও হঠাৎ কোন উচ্ছ্বাসে;
যখন তুমি আয়নায় বেখায়ালি হয়ে যখন নিজেকে দেখবে
সেদিন ভালবাসাটা তোমাকেই দেখবে আনমনে।
সময় হলে ভালবাসাটাকে একটু ভালবেসো,
একটু করে জল দিও;
তোমার টবে বেড়ে উঠা গোলাপ গাছটির মত।
কিছুটা থমকে চেও ওর দিকে,
অবাক দৃষ্টির গল্প এঁকো ওর বুকে।
সেতো বারবার কলঙ্কিত হয়েও ফুল ফোটাতে চায়
তোমার ঠোঁটে হঠাৎ হাসির উল্কা আঁকতেই।
আর যদি ব্যস্ততায় সময় না হয়
তবে নাহয় আপন ভেবে ভুলেই যেও!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





