কেনো করো এতো ভয়?
অন্ধকার কেটে হবে আলোময়।
পূর্ব পশ্চিমে দেখো চেয়ে,
পৃথিবী ঘুরছে আলো অন্ধকারের নিয়মে।
অন্ধকারকে করো না ভয়,
অন্ধকারেই শক্তি অর্জন হয়।
অন্যায়ের ভেতরই প্রতিবাদের সুর জেগে ওঠে,
মরুভূমির মধ্যে এভাবেই একদিন,সত্যের বাণী ফুটে উঠে।
আপ্ত আলো ধরণিকে করলো আলোকিত,
সঠিক অয়নের সন্ধান পেয়ে,মানুষ হল পুলকিত।
কত জনপদ রণাঙ্গনে হয়েছিল ধ্বংস,
সত্যের বাণী এলো যখন,নিশ্চিহ্ন হয়ে ছিল পাপিদের বংশ।
উবে যায়নি সত্যের বাণী,আজও টিকে আছে,
কোটি কোটি লোকের হিয়ার মাঝে।
কৌমুদী অন্ধকারকে করে আলোকিত,
মহাপুরুষদের প্রণয়ে অবনি হয়েছে ঋত।
আধুনিকতার চরম উৎকর্ষতার যুগে,
বিব্রত বোধ করি,যখন দেখি মানুষ অন্যায় করছে হুজুগে।
প্রযুক্তি মানুষকে দিয়েছে গতি,
অপব্যবহারে বাড়ছে দুর্গতি।
পরাভব হবে পাপ-পঙ্কিলতায় যে রবে,
অতীতের ন্যায় ক্ষণজন্মা সাধুগণ,মানুষের কল্যাণে কাজ করছে নীরবে।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



