প্রায় সব ফ্যামিলিতেই কাজিনদের মাঝে একজন গুরু স্থানীয় থাকে, যেমন আমাদের মধ্যে ছিল সবুজ ভাই।বুদ্ধি বেশি থাকুক বা না থাকুক, বয়সে একটু বড় হবার কারণে উনিই হলো আমাদের নেতা। তাই উনি যখন তিন গোয়েন্দা দল খুলবার কথা বললেন, তখন আমার বা টুটুলের কিছু বলার ছিল না। সময়টা ১৯৯৯ সাল, আমি আর টুটুল পরি তখন ক্লাস ৭ এ, সবুজ ভাই ক্লাস ৯এ। বলা বাহুল্য, রকিব হাসানের বিখ্যাত তিন গোয়েন্দা পড়ে পড়ে সবুজ ভাইয়ের এই ভিমরতি। কি উৎসাহ তার, হাতে লিখে লিখে কার্ড তৈরী করা, পুরানো বাঁশ কেটে অস্ত্র তৈরী করা, এবং আরো অনেক কিছু। আমরা আর কি করব, তার বিরুদ্ধাচারণ করবার সাহস আমাদের দুজনের কারো ছিল না। কিন্তু গোয়েন্দা দল খুললেই তো হবে না, সলভ করার জন্য কেসও দরকার। আমাদের কেস দিবে কে? সবুজ ভাই অবশ্য কেস বের করে ফেললেন। তার বাসার পাশেই বুদ্ধিজীবী গোরস্তানে লাশ চুরি যাচ্ছে , তার প্লান হলো ওই চোরদের ধরবেন, আর এর জন্য রাতে গোরস্তানে গিয়ে ঘাপটি মেরে থাকবেন। রাতে গোরস্তানে যাবার কথা শুনে বেঁকে বসলাম, কিন্তু সবুজ ভাইয়ের গাঁট্টা খেয়ে অবশেষে রাজি হতে হলো। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে, সেই বাঁশের লাঠি নিয়ে বের হলাম আমরা তিনজনো। গোরস্তানে এসে বুক বেশ ধুকপুক করছিল। টুটুল বলল ভয় পাস না, গোরস্তানে শয়তান বা জিন আসতে পারে না। আমি মনে মনে বললাম- তোর কথাই যেন সত্যি হয়। সজীব ভাই আমাদের নিয়ে একটা নতুন খোড়া
কবরের একটু দুরে গিয়ে বসলেন।
হঠাৎ করে তীব্র টর্চের আলো চোখে এসে পরল, শুনলাম কারা যেন বলছে, "কবরের লাশ চোরদের ধরসি এতদিনে।" আলো চোখে সয়ে গেলে দেখলাম যে ছয়-সাত জন পুলিশ আমাদের ঘিরে ফেলেছে। অনেক করে বুঝালাম যে আমরা আসলে গোয়েন্দা, কিন্তু মাথা মোটা পুলিশগুলো কিছুই বুঝলো না, আমাদের ধরে থানায় নিয়ে গেল। সবুজ ভাইকে বড়সর দেখে, তার কোমরে পরালো দড়ি। টানতে টানতে নিয়ে গেল থানায়। পাড়ার এক দোকানদার দেখে সবুজ ভাইয়ের বড় ভাইকে খবর দিল। সাগর ভাই এসে আমাদের উদ্ধার করলো। তবে থানার মধ্যেই আমাদের কানে ধরে উঠবস করালেন, আমি আর টুটুল ২০ বার, সবুজ ভাই ৪০ বার। ফেরার পথে সবুজ ভাই বললেন যে আজকেই সব গোয়েন্দা বইগুলো ডাস্টবিনে ফেলে দিবেন। আমি মনে মনে বললাম যে যাক দেরীতে হলেও....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





