ঠিকানাটা লেখা ছিল ভুল
হঠাৎ পথে হয়েছিল দেখা,
পথের মাঝেই থেমেছিল পথ
আকাশের সুদূর সুনীলে
সে ছিল ঢাকা!
পরনে ঢাকাই শাড়ি
কপালে জ্বলে ছিল
সূর্যের লালে লাল টিপ,
ভুল দরজায় নেড়ে নেড়ে কড়া
ফিরতি পথে একটুকু হয়েছিল থামা,
সেখানে বসেছিল গোধূলি সন্ধ্যায়
জোৎস্নার নতুন আলোর মেলা;
ভুল ঠিকানা হাতে নিয়ে
ঠিকানার কাগজেই মুছেছিল সে
ক্লান্তির অবসাদে মুখের মানচিত্রে
জমানো সতেজ ঘাম!
ঠিকানাটা লেখা ছিল ভুল
চায়ের কাপে চুমো দিতে দিতে
আড়চোখে তাকে হয়েছিল দেখা;
ঠিকানার ভুল নিশানাতে
ভুল সময়ে ভুল পথে সে
ভুলের বেসাতিতে ভুল বুঝে
আমাকেও ভাবিয়াছে ভুল!
লিপজেল ঠোঁটে মেখে নিয়ে
আয়নায় দেখেছিল মুখ
নিজেও যে ভুল,
মানবী সে নয়
জোৎস্নার অবয়বে ঢাকা;
গোধূলির আলোয় হঠাৎ বাতাসে
ভুলে ভরা ঠিকানাটা ফেলে রেখে সে
চাঁদের আলোতে মিলিয়ে যেতেই
বুঝে ফেলি
ভুল ঠিকানাটায় আর কেউ নয়
সারাক্ষণই বসে আছি আমি!

সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




