তুমি বুঝেগেছ সব,
মন, চোখের ভাষা, কপট রাগ-সব।
উপেক্ষা ছড়াতে চেয়েও যতটা দূরে যাব ভাবি
তুমিও ততটাই কপট উপেক্ষা ছড়াও;
নাই নাই বলে যতটা বিরূপ বসন্ত দেখাও
ততটাই রঙিন লাগে ফাগুণের দিন।
ততটাই কাছে আস যতটা আসা যায়,
এই প্রথাসিদ্ধ সম্পর্কের আড়ালে
আরও কিছু আড়াল আড়ালে রেখে।
আমাদের কথোপকথন, প্রতিদিন রুটিন জীবন
ক্লান্তির কোন খড়গে হয়নি ক্ষত;
তবু ভেঙে গেছে কোন এক বাঁধ
মনের গহীনে বিরুদ্ধ অস্তিত্ব নিয়ে
অসংযম ছুঁয়ে গেছে চোখের আকুতি।
পরিযায়ী মন চায়নি কিছুই, শুধু চেয়েছিল ঐটূকু হোক
যেটুকু পেলেই মনে হবে পাওয়া হল সব
অথচ তুমি হারাওনি কিছুই।
৭ই মার্চ ২০১৭
যুক্তরাজ্য।

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


