যে কথা যায়না বলা,
যে ব্যথা যায়না ভোলা,
যে পানি সাগরের নয়, তবুও লোনা,
সেই কথার মত অব্যক্ত তুমি,
সেই ব্যথার মত অমোচনীয় তুমি,
সেই পানির মত,তোমাকে যেমন ভাবি তা নও তুমি।
যে গানের সুর আমার,
যে ছবির রং আমার,
যে নাচের মুদ্রা আমার,
সেই সুরের মত আপন তুমি,
সেই রঙ্গের মত চেনা তুমি,
সেই নাচের মত আমার তুমি।
তবুও অন্য কারো মনের ঘরে
সাজানো তোমার ভালোবাসার তোড়া,
জানি আমি নেই তোমার মনের ঘরে,
তবুও তোমার জন্যে অপেক্ষা করা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



