----- শাফিক আফতাব ------------
জেসিকা, নির্বাসিত বসন্তদিনে দিন যায়,
প্রকৃতির সান্নিধ্যের কাছে মাথা নত করি ;
বেদনাগুলো ভরে থাকে নিথর রাত্রির গায় ;
আপন নিয়মে টিমটিম চলে তবু সময়ঘড়ি।
এই সেদিন তুমি ফুটেছিলে কলাবতীফুল,
লকলকে লতা জড়ানো লাউডুগি হাত ;
চোখে মুখে চুলে ছিলো আবেগ প্রতুল ;
তোমার বুকে যেন পড়েছিলো ডাকাত।
সবকিছু লুটে নিয়ে ঋদ্ধজলে স্নান,
তৃপ্তির স্বাদে তুমি আবেশে বোধহীন ;
হৃদয়-বীণার তারে কত কথা, কত গান ;
পুঁজিহীন জীবন ছিলো যেন কত রঙিন।
এখন অটেল পুঁজি তুমি শুধু নেই ;
বসন্তে বন্দি আমি আপন ঘরেই।
০৩.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


