শাফিক আফতাব
বসন্তে, মনের প্রান্তে জাগে কামনার বান,
তুমি যেন জেগে থাকো ; মাতালবাতাসের শনশন আওয়াজ ;
কোমলপল্লবে, স্পর্শে ; পুড়ে যায় নিঃসঙ্গ পরাণ,
উধাও কোথাও যেতে চাই ছেড়ে এই দেশ আর সমাজ।
এইসব দিনে তুমি নিবিড় হয়েছিলে ফড়িং-মত্ততায় ;
রঙিন বিকেল ঘিরে কফি হাউজের ঝাপসা ডিম-আলো ;
শ্রাবনের উপচে পড়া নদীর মতোন ভালোবাসা ভরেছিলো কানায়
কানায়, চোখের বিন্যাসে ছিলো তোমার আহা ! কী সুন্দর কালো।
মসৃন শরীর ভেতর থেকে গোলাপগুচ্ছ ফুটে ফুটে ঘ্রাণপ্রতুল,
আহা কী মোহন, অনুরণন ছড়াতে প্রকৃতির ভীড়ে ;
আবেশে তুমি হতে ঘুমে টুলটুল, আর ফুটন্তফুল ;
তুমি আমি প্রাঞ্জল সংলাপে হারাতাম স্বপ্নদ্বীপের নীড়ে,
তুমি আছো, আমি আছি, নেই সেই বসন্ত পবন ;
সবই নেই কি ? না বদলেছে আমাদের দুজনার মন।
০৫.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


