--- শাফিক আফতাব - -----
গভীর নিশীথরাত আলগোছে ক্রমশ যেতেছে ভোরের দিকে,
অনেকেই রাজবাড়ির রাজভোগ খেয়ে ফিরছে খালি গ্যাসলাইটে ;
যা ছিলো সঞ্চয়ে, ঢেলেছে ; পৃথিবীর আবহমান লেকে,
এখন সে নিঃস্ব, তবু কত যেন আনন্দ ! মনের গহীন তটে।
এখানে নিঃস্ব হয়ে অনেকেই পায় সাত রাজার ধন ;
জন্মায় এখানে, পৃথিবীর আদিম লতাগুল্ম, ফলবতী বৃক্ষ,
এখানে ফুলের বিনিময়ে মেলে অসাধ্য সাধনার মন ;
এখানে রঙ নেই, তবু নানা রঙে রঙিন হয় ; পরিত্যক্ত কক্ষ।
নিশিরাতে তুমি এসে দাও, আবহমান চাষের একখণ্ড জমি,
তাই নিয়ে প্রান্তিক চাষী আমি বর্গায় চষি তোমার জমিখণ্ড ;
ঘামে শ্রমে প্রেমে সংগ্রামে রোদে পুড়ে যা ফলাই আমি ;
তার অর্ধেক তোমার, অর্ধেক আমার, ভাগাভাগি শান্তি দুদণ্ড।
সবকিছু হারিয়ে, তবু যেন ঋদ্ধ, মুগ্ধ আহা যাদুর মন্ত্র ;
বিধাতা আমাদের দিয়েছেন আহা ! কেমন রহস্যের তন্ত্র।
০৬.০৩.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


