শাফিক আফতাব-------------
যেখানে যাই, আবার তোমার কাছেই নতজানু ফিরে আসি। জলের মতোন, ঘুরেফিরে মেঘের মতোন বৃষ্টির ফোটায় তোমার চৈতালি ক্ষেতে আবার ফিরে আসি। কত প্রান্তরে গেলাম, কত রাত্রিদিন কত জংসনে কাটালাম বিনিদ্র এই আমি, চোখের ফোকাসে কতকিছু প্রতিবিম্বিত হলো, কতদুঃখ আর কষ্টের জলে ভিজে আমি নেউল কুকুরের মতোন লুকোলাম মানুষের চালায়, খুপরীতে, আমার ক্ষোভ আর অহংকার গলে গলে মানবতার ফুল ফুটলো কতবার, আমি শত্র“দের ভুলে আবার সালাম ঠুকলাম, নিরন্ন মানুষের কষ্ট বুঝতে উপোসে কাটালাম কতরাত। আর ফিরবোন বলে একটিবারও পিছন ফিরে দেখিনি তোমাকে। বুঝতে চাইনি তোমার ভালোবাসা। তবু কেনো ফিরে এলাম আবার। তোমার যাদুবিদ্যা আমাকে আবার কুর্ণিশ করতে শেখাবে ?
মানুষ ফিরে, ফিরেনা তার মন, আমার এই প্রত্যাবর্তনে তুমি এবার কতটুকু লাভবান হবে ?
০৮.০৪.২০১৩
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




