শাফিক আফতাব--------------
দেখতে দেখতে জীবনে মধ্যবিন্দু ছুঁইলাম, সফল পুরুষের খেতাব পেলাম না। সহপাঠিরা বাড়ি, গাড়ী ব্যালেন্স ; সব করেছে, কেউ মেধার বিকাশ দেখিয়েছে পত্রিকায় পাতায়, কেউ আবার স্যাটেলাইট টিভির রঙিন পর্দায় দাড়ি কামানো মুখে নরম ফুরফুরে বুলি আওরিয়ে। কেউ রাজনীতির দাপ্তরিক উচ্চপদে অধিষ্ঠিত, কেউ নিয়োগবাণিজ্যর ধর্তাকর্তা। কারো দেড়হালা সন্তান, কেউ আবার এই মেগাসিটির কুট্টিদের একান্তবাধ্যানুগত ঘরজামাই।
আমার কিছু নেই, আছে একটি ভাড়াটে ফ্লাট, কয়েক হাজার পুঁথিপত্র, কিছু স্বরচিত গল্প, উপন্যাসের খসড়া, দুচারটি থিসিস, আর প্রাণের সম্পদ আমার ; সহস্রাধিক কবিতা, ছয়টি প্রকাতি কাব্যগ্রন্থ, পাঁচ ফুট এক ইঞ্চি একটি রূপসীবধু ; আর চারবছরের একমাত্র সন্তান অনুপ্রাস।
কে বলবে আমি সফল পুরুষ ? ব্যর্থতার গ্লানিতে আমার পুরোনো ব্লেজারে ধুলোর আস্তর পড়েছে, ছাত্রবেলায় কেনা সেগুনকাঠের পালঙ্কে রাত্রিবেলা ঘুণেপোকাড়া আধুনিক সঙ্গীত গেয়ে গেয়ে মুখরিত করে রাতের নিস্তব্ধতা।
সমাজে আমার মান নেই, কে বলবে আমি সফল পুরুষ ?
১০.০৪.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




