শাফিক আফতাব---------
যেখানে যাই শুধু মানুষরা কষ্ট কষ্ট কথা বলে
কুকুর তাড়াবার মতোন দুরদুর ছ্যাই ছ্যাই করে
ভাব নিয়ে বসে থাকে ধরে চেয়ারের হাতলে
করুণার এতটুকু জল দেয়না ভোরের শিশিরে।
তবু মানুষেরে আমি বড় ভালোবাসি মানুষ যে শ্রেষ্ঠ জীব
মানুষই এনেছে সভ্যতা আর মানুষই ফোটায় ফুল
আধার ধরায় মানুষই জ্বালায় প্রদীপ
মানুষের করস্পর্শে প্রাণ পায় কালের পুতুল।
যদিও ইতর প্রাণী বিশেষের চেয়ে মানুষই এগিয়ে
তার হিংস্রতা চোখে দেখার মতোন
মানুষ খেয়ে ঢোল হয় অন্যের অর্থ বাগিয়ে
মানুষই বলে পশুদের চেয়ে অশ্লীল কথন।
মানুষের থেকে দূরে থাকতে চেয়ে মিশে হই একাকার
মানুষ প্রাণীটি কি মানুষ হবে এই ধরায় আবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


