শাফিক আফতাব-----------
দ্রততম বিমানের চেয়ে ঢের সময় চলে গেলো পালক নেড়ে
আমার দাড়ি গোঁফে শরতের আকাশ আচমকা ঢল নামালো
কে আমাকে নিতে আসে তেড়ে
রাতের আঁধারের মতোন কে আসে এখানে জমকালো।
তবু তুমি এসে ঋদ্ধ করে গেলে অনাথ বালকের পৌরুষ
দিয়ে গেলে গুচ্ছ গুচ্ছ ফুলের ঘ্রাণ
সময়ের সাথে সব চলে গেছে পড়ে আছে তুষ
নড়বড়ে খুঁটিতে ভর করে ঠঁায় দাড়িয়ে থাকে আজ আমাদের প্রাণ।
মধ্যযুগের কবিরা প্রায় চাপা পড়েছে রাণা প্লাজার ধসে পড়া কামরায়
বেঁচে আছেন শুধু চণ্ডিদাস মুকুন্দ আলাওল ভারত চন্দ্র আর কতিপয়
আজকের কাক আর কাঁকড়ার মতোন কবিরা আমরা যারা
কদিন বাঁচবো আধুনিকতার তোড়ে, শিখে বিদ্যে গুরু মারা।
আজ আমাদের জ্ঞানের চেয়ে জ্ঞানের ভান বড়
সময়ের আবেদনে কেন হে মেধাবীরা হয়ে থাকো জড়সড়ো।
ঢাকা
০৩.০৫.২০১৩ (দুপুর)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


