শাফিক আফতাব---------
লুডু ভাই, কেমন আছেন আপনি ? ভালো তো ?
শুনেছি এই শহরেই থাকেন। সংসারি হয়েছেন।
তবে সেই মেয়েটি না। প্রায়শ যে মেসে আসতো,
এক সময় তার নালা ডোবা ভরাটের দায়িত্ব আপনি নিয়েছিলেন,
তার সাথে নাকি বিচ্ছেদ হয়েছে ?
শুনেছি, বাবার মৃত্যুর পর আপনি ভালো হয়ে গেছেন,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। টুপি সর্বদা মাথায় থাকে।
চুরুট গাঁজাও ছেড়েছেন। কমদামী বিড়িও খান না।
হারাম খান না আর।
তো লুডু ভাই, যদি পারেন,
আমার হ্যাংগার ক’টি দিয়ে যাবেন,
যদি লজ্জা পান, তাহলে কুরিয়ার করুন,
কেনো না লুডু ভাই, চাষার সন্তানের জন্য বিশ বছর আগে
একশত টাকার দাম ছিলো,
মায়ের আঁচলের গিঁটে বাঁধা টাকা দিয়ে আমি ওগুলো কিনেছিলাম
আর আমার মা ঐ টাকা মুঠের চাল জমিয়ে জমিয়ে সঞ্চয় করেছিলেন ;
আমার কষ্ট হয় লুডু ভাই, হ্যাংগার ক’টির জন্য
যদি পারেন, কুরিয়ার করবেন।
হ্যাংগার ক’টির জন্য দাবি থাকলো লুডু ভাই........
ভালো থাকুন। প্রভূ আপনার মঙ্গল করুন।
নিসর্গ : ঢাকা
২৬.০৫.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



