ফুটিছিলে নিজে, শিশিরে ভিজে,
[শাফিক আফতাব]
শীতের ঘুমে, নরম গরমে, শরমে মনে পড়ে তোমায় ;
কত ভালোবাসাবাসি, কাছে আসাআসি, কত কানামাছি খেলা __
অলকে পুলকে ঝলকে তোমাকে পেয়েছি ঘ্রাণের মেলায়,
আজ এই শীতে, ব্যথার পীরিতে, ভাসিছে বেদনার ভেলা।
কত কাছে ছিলে, শাপলার ঝিলে, দিয়েছিলে প্রাণের সুবাস,
দিয়েছিলে তাপ, মধু সংলাপ, দিয়েছিলে সাত রাজার ধন __
দিয়েছিলে আলো, খোপা খোলা চুল এলোমেলো, দিয়েছিলে মন
ফুটিছিলে নিজে, শিশিরে ভিজে, আহা, তোমার গোলাপপ্রকাশ !
শীতের ভিতরে, হৃদয়ের নীড়ে, পাখি ডাকে আজো তাই,
যে ভালোবাসা, যে কাছে আসা, যাহা দিয়েছিলে আপনাই__
সেইসব দান, মর্ত্যলোকের ধান__সেইসব প্রেম, মুক্তার দানা,
তোমাকে পেয়ে, সুধায় মিশিয়ে, জুড়েছে মম বিক্ষত পরাণ।
ঘুরেফিরে শীত আসে, প্রেম আসে, তুমি আসোনা আগের মতোন,
একা একা আমি বোকা বোকা সেজে, চালাই আপন কথোপকথন।
০৯.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




