জীবন এসো তোমাকে নিয়ে বেঁচে থাকি, ঝড়ে, ঝঞ্ঝায়
রোদে, কিংবা ঝমঝম বৃষ্টির দিনে, সুবাসে গা ভেজাই
ফুলের গন্ধে মৃদমন্দ বাতাস বয়ে যাক, তুমি আমি এসো
নিবিড় লীন হয়ে গহীন নীলের ভীড়ে চুপে চুপে যাই।
জীবন, দেখো তো ঘুষ না খেলে কেমন হয়,
এসো বিদেশে লোক পাঠাই, বোকা জনগণরে হাওয়ার মিঠাই
খাওয়াই__না হয়, এসো বিবাহকার্যের ঘটকালি করি
না বেশ্যার দালাল হয়ে কামনায় জড়াজড়ি করি।
জীবন, তুমি তো ন্যায় অন্যায় বোঝোনা, তুমি বিলাস চাও
উদরপুর্তি হলেই তুমি দিব্যি ঘুমে কাবার করো রাত
অথচ আমার ভেতর কত অনুশোচনা, কত ব্যথা ব্যঞ্জনা
বাজারঘাট, বাচ্চার মর্নিং স্কুল, অফিস আর আদালত।
জীবন, তোমাকে নিয়ে কত বিপাকে আছি,
ফুটপাতে উড়ছে কত মশামাছি !!
০৬.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।