বড়ভাই বলেছিলো দুঃখ করিস না
দল ক্ষমতায় এলেই তোর একটা ব্যবস্থা করবো
তোর ভাঙা পা জোড়া লেগে দেবো, নয়তো পাঠাবো সিঙ্গাপুর
চাকরির চিন্তা নাই তোর, একটা ইন্ডাস্ট্রিজ তোর নাম লিখে দেবো
যতটুকু পারিস, যুবসমাজকে সংগঠিত কর, মিছিল দে, শ্লোগান দে,
প্রতিবাদ কর.....
বড়ভাই বলেছিলো বোমায় পোড়ানো হাত ঝলছে থাক,
তোকে নতুন হাত কিনে দেবো, কলিজাটা পুড়ে গেছে, যাক
তোকে একটা কলিজাও কিনে দেবো।
অপেক্ষা কর, দুটো বছর, নয়তো চার বছর, বড়জোর পাঁচবছর
কিছু না হলে তোকে পুরো এলাকা ইজারা দেবো, নয়তো তোকে
বানাবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তুই খেয়ে কুলোতে পারবি না, অপেক্ষা কর।
বড়ভাই বলেছিলো : তোকে নতুন জীবন দেবো।
বড়ভাই সেই যে গা ঢাকা দিলো__সেই যে গা ঢাকা দিলো.....
২৩.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





