
কবিতা লেখার এখন কঠিন সময়,
কবিতার পরিবেশ নেই কবির-
চাঁদকে সূর্য ভাবা,
সূর্যকে সৌরজগত ভাবা এবং
সৌরজগতকে মহাবিশ্ব ভাবার মধ্যে
থাকে কবিতার ইচ্ছাধীন পদচারনা।
প্রিয় সুন্দর, প্রিয় ফুল ফোটাবার
এখন সময় নয়; কঠিন কোমল
অন্তর তাজা করবার ইচ্ছাগুলি
সময় পাবে না্ বিধ্বস্ত নগরী।
তাই সুন্দর প্রিয় ফুল ফোটাবার চেয়ে
এখন কবিতা লেখার দুঃসময়।
বস্ত্রহীন পথিক ঘুরে
সভ্যতার দ্বারে দ্বারে ফিরে,
সোনারগাঁয়ের সুরম্য অট্রালিকার নিকট।
বসিলা বস্তির আদিম যন্ত্রণা থেকে
বড় বিপর্যস্ত সময়।
অনবরত অন্যরকম চলছে-
শীর্ন হাড় কয়খানি পাথরে ভর করে;
বাঁশের ডগার মত
সাঁরি সাঁরি দাঁড়িয়ে উঁকি মারছে
দুই সের রেশনের চাউলের জন্য।
বন্দি পৃথিবীর মানুষের বোধ
এখন কবিতা হয়ে যায়
গদ্যময় ছন্দের কারিগর;
কবিতার ভাষা লোপ পায়
কবির ইচ্ছা স্বাধীন।
কিছু বলা-
শোষন করার মজবুত নাট
গেড়েছে, অব্যাহত বন ও মাঠ।
আমাদের গাভীর দুধের বাঁট থেকে
বেকারগুলো বেড়িয়ে পড়তে পারছে না,
নির্মম কামখেয়ালী অস্থিরতার জন্য।
ওলান ভারী করে দৌড়ে বেড়াচ্ছে
ভাইরাসগুলো,- আদি অস্ত্রসহ
হৃদপিন্ড মজ্জায় তোলপাড় করছে।
তার চেয়ে-
এখন বড়ই অস্থির সময়,
তাকে দখল নিয়ে বোমা ফাটে
যেমন নারীর দখল নিয়ে
চলে দীর্ঘ যুদ্ধ। তেমনি দখল নিয়ে
ক্ষত বিক্ষত হয় করিম শেখের দু’টি উরু।
চাঁদাবাজির রঙ্গিন লাশ-
আমাদের মাষ্টার মশায়ের প্রিয় ছাত্র
আবু নাসের!
যার প্রিয় ফুল লাল গোলাপ
সে এখন লাল লাশ।
এখন কবিতা গদ্য তৈরীতে বাঙ্ময়
এখনই কবিতার পরিবর্তন জরুরী।
২৮জুলাই'১৯৯৫খ্রীঃ
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


