একবার শীত আসে আসে এমন দুপুরে
মজু চৌধুরীর হাটে গিয়েছিলাম। মেঘনা পাড়েরর হাট-
যেখানে বাতাস আসে জেগে থাকা চোখে ঘুম পাড়াবে বলে,
জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ আনে, কেউ কেউ গাছের নিচে ঝিমায়
জীবনের অতীত বর্তমান ভবিষ্যতের হিসেব কষবে বলে।
আমার হঠাৎ মনে পড়ে যায় সেই হাটের কথা-
ভাসমান বেদেনীর একমাত্র সম্বল হাতের বালা,
আর সেই হাতে রান্না করা রাজহাঁসের বুকের মাংস
দিয়ে ভাত এক থালা ।
তোমাদের মন কি চায় এমন দুপুর-
যে দুপুরে নদীতীরে একটা চাদর মুড়িয়ে
ধাবমান স্রোত দেখতে দেখতে চোখ আর নদীর মোহনা তৈরি করতে?
তোমরা কি আকাশহীন এই শহরের খুঁজে পাও অমন দুপুর, হাতের বালা
অথবা রাজহাঁস আর ভাত এক থালা?
কই? আমিতো কোথাও পাইনা…….
(১৮ মার্চ ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





