কি কথা বলবো এই পাঠশালায়-
নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ যেখানে সব।
দম্ভ করে জোচ্চোর বেহায়া লেখক,
বিকায় মাথা দিনে দুপুরে হাটে মাঠে ঘাটে
অথবা অফিস পাড়ায়। সে কি জানে না-
সৃষ্টিতে কি সুখ?
কি কথা বলবে তোমাদের এই পোড় খাওয়া নগরী
প্রেম যেখানে শুধু নর আর নারী, নয় অন্য কিছু?
যদি শুধু তাই হয়; তবুও বলি-
সেখানেও আছে জোচ্চুরি নিদারুন লুকোচুরি।
ক্ষুধার আফিম নিয়ে বসবাস হাজারো নাগরিক
নাবিকের, যারা সময় গুনে একটু একটু করে বাঁচবার।
যাযাবর মন ফড়িং নাচতে চায়
নাচাতে চায়, তবু সুখ নাই মনে।
সত্য নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ
এখানে; স্বপ্নের ভ্রুনগুলো ডুবে ডুবে মরে যায়
বর্ষা আসার কয়েকটি রাত আগে।
কিন্তু আমি চাই-
স্বপ্নগুলো না মরুক, পাখা মেলুক
সম্ভবনার পালক গায়ে মেখে উড়ুক
অদ্ভুত সুখে।
(১২ জুন ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৫ রাত ১১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




