যদি-
সব অভিজ্ঞতাই মনে পুষে রাখি
তবে তোমায় বলবো কি?
লাল শালুতে ভরে গেছে শহর-
মাঠ ঘাট প্রত্যন্ত গ্রাম।
এসব দেখে কি মন কাঁদে না?
রাস্তায় পুড়ে পুড়ে মানুষের কাবাব
মানুষ দেখে, কেউ মারে কেউ মরে।
পালা বদল হয় জোচ্চোরের-
রকমারি বানিজ্য চলে বেওয়ারিশ স্মৃতির
অনুভুতির আর স্বপ্নের কুহেলীকার।
কোথাও না হয় নাই বললাম
চুপ রইলাম দেয়ালের মতো
পাহাড়ের মতো
পাড়ে বাঁধা নৌকার মতো
তবু আমার যতো-
মন জুড়ে জরা ক্ষরা
সেসব অভিজ্ঞতা
কি করে না বলি-
তোমায়?
সব কথা কি পুষে রাখা যায়
হাতের মুঠোয় ধরে রাখা যায়?
কি করে বুঝাই
কি করে বুঝাই।
হয়তো তুমি আগুন্তুক,
আমি অচ্ছুত
এই পারাপরে। তবু বলি-
পাওলো কোয়েলহোর কথাই শেষ কথা নয়
এরপর আমারও কিছু কথা থাকতে পারে-
সে কথায় হাত না ছোঁয়াও
একবার অন্তত
শুনেতো যাও ...!
(১৯ জুন ২০১৫, পল্টন)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



