অনেক অনেক মত-পথ, বাদানুবাদ
হরেক রকম শব্দের ভীড়ে-
প্রেম শব্দটিও এখন এতোটাই
বিষাদ লাগে, যেনো ঐ একটি শব্দ মহাকাশসম
বিরক্তি ঢেলে দিয়ে যায় রক্তস্নাত কার্তিকের
বিকেলে, শাহবাগে, মিছিলে; আমার মনে।
নারী আর মুছতে পারে না
জরা ক্ষরা ক্রন্দন, কেননা-
বিষাদের আরো অনেক কারণ থাকতে পারে,
তা কে জানে।
তাহলে কি চাই আমার,
অথবা কি নাই যা পেলে হয়তো কেটে যাবে
মুছে যাবে এমন অস্থির দিনগুলো?
জানিনা, তবে-
ভূখন্ডের লাশগুলো আমায় ভাবায়,
ডাকে, জানতে চায়-
এই রক্তস্রোত কোন সাগরে মিশছে?
আমি চুপ থাকি,
আমার কিছু ভালো লাগে না…..
(০৭ নভেম্বর ২০১৫, পল্টন)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




