আমি দেখছি-
আমাদের এ ভদ্র পল্লিতে যে যতো বেশি বেহায়া,
তার ভবিষ্যৎ তত বেশি উজ্জল। সাদা অথবা নীল
কলার কাঁধে চেপে তারা পার হয়ে যায়-
স্বপ্নের পুলসিরাত এবং তাদের জন্য,
শুধুমাত্র তাদেরই জন্য কাঁটাহীন সে পথে স্বর্গের
গোলাপ পাপড়ি আশির্বাদ রুপে বিছিয়ে দেয়
শয়ঙ ভাগ্য বিধাতা।
অথচ,
এমন নির্লিপ্ত সময়ে এখনো যারা সূর্যের ন্যায়
প্রতিদিন ঠিকঠিক জ্বলে ওঠে তাদের জানালায়
অপেক্ষা করছে এক নিশ্চিত অন্ধকার।
এটাই বাস্তব, কিন্তু সত্য নয়।
সত্য তো তা-
যখন জানালার ফাঁক গলে
অন্ধকার ঢুকে যাবে জেনেও
খিল লাগিয়ে বসে থাকে না
সময়ের সূর্য সারথি কৃষ্ণচূড়ার দল,
অপেক্ষায় থাকে না
সে গুমোট অন্ধকার মাড়িয়ে বের হতে,
রাঙাতে ফাগুন ছাড়াও সম্ভাবনার প্রতিটি সকাল।
আফসোস- তারাই এখন সব থেকে
অচ্ছুত আর অস্পৃশ্য।
(১৭ জানুয়ারি ২০১৬, পল্টন)
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


