ভাই শাহবাগের দাবীর বিষয়টা কীভাবে আসে বলি।
১. নৈকট্যের সংজ্ঞায়ন
নিকটতর উদাহরণ দিলে বিষয় স্পষ্ট হয়। তবে বিষয়টা যে পারিবারিক, তা কিন্তু নয়। পুরো জগৎ মানুষের আপন। কিন্তু নিজের ভাষাগত জাতি একটু বেশি আপন হবেই। আবার নিজের ভূমি একটু বেশি আপন হবেই। তারচে বেশি আপন হবে নিজের পরিবার। এতে দূষণীয় কিছু নেই।
তাই,
তিনি বলেন, এই ফাতিমা সালামুল্লাহি আলাইহা হলেন আমার সন্তান। যারা এঁকে আনন্দিত করল, তারা আমাকে আনন্দিত করল। যারা একে কষ্ট দিল, তারা আমাকে কষ্ট দিল। যারা এর সাথে শত্রুতা পোষণ করল তারা আমার সাথে শত্রুতা পোষণ করল। আর যারা এঁর সাথে ভালবাসা রাখল তারা আমার সাথে ভালবাসা রাখল। (৫৭ টি হাদীস গ্রন্থে, ৩০ টি ভিন্ন ভিন্ন শুদ্ধ রেওয়ায়েতে বর্তমান)
তিনি অন্যত্র বলেন,
হে আল্লাহ, এরাই আমার আহল আল বাইত (গৃহবাসী), আমি এদের উপর সন্তুষ্ট, আপনিও এদের উপর সন্তুষ্ট হয়ে যান। আর আল্লাহ বললেন, হে আহলাল বাইত! আমি চাই কোন অপবিত্রতা যেন আপনাদের স্পর্শ না করে।
অন্যত্র আল্লাহ বলেন, আল্লাহ যা চান, শুধু বলেন, হও। আর তা হয়ে যায়।
এবং হাদ্বরাত দ্বিতীয় উমার আলাইহির রাহমা, যাঁকে ন্যায়বিচারের মানদন্ডে কখনো কখনো পঞ্চম খলিফাও বলা হয়, তিনি সাইয়্যিদুনা হুসাইন রাদ্বিআল্লাহু তাআলা আনহুমার বংশধরের সম্মানে উঠে দাঁড়ালেন,
দ্বিতীয় উমার র.'র পূর্বপুরুষ এই আহলে বাইতে রাসূলের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল, সেই পূর্বপুরুষ যে কিনা-
ইমাম আবু হানিফা আলাইহির রাহমা কর্তৃক ফাসিক ঘোষিত,
ইমাম শাফি আলাইহির রাহমা কর্তৃক মুনাফিক ঘোষিত,
ইমাম মালিক আলাইহির রাহমা কর্তৃক মুরতাদ্ব ঘোষিত,
এবং ইমাম আহমাদ ইবনে হাম্মল আলাইহির রাহমা কর্তৃক ক্বাফির ঘোষিত,
সেই ইয়াজিদের।
তিনি, খলিফাতুল মুসলিমীন দ্বিতীয় উমার আলাইহির রাহমা, এক প্রকাশ্য সম্পদহীন যুবা বয়স্কর সম্মানে রাজসভা থেকে যখন উঠে দাঁড়ান। এগিয়ে যান। তাঁকে বলেন, বলুন, আপনার কী দাবি, তখন তিনি সেসব পূর্ণ করার আশ্বাস দিলে তাঁর অনভ্যস্ত উমরাহ গণ বলেন, হে খলিফাতুল মুসলিমীন! আপনার জন্য এক কম বয়েসি চালচুলোহীন যুবার সম্মানে দাঁড়ানো মানায় না।
তিনি তখন বলেন,
তোমরা কি শোননি, আমি পূর্ণ সহীহ রেওয়ায়েতের হাদিস জানি, যাতে বলা হয়েছে যে, রাসূল দ. বলেছেন যে, যে আমার ফাতিমাকে খুশি করবে সে নিশ্চিত আমাকেই খুশি করবে। একবার ভেবে দেখো, আমি এই আচরণের মাধ্যমে ফাতিমা সালামুল্লাহি আলাইহাকে খুশি করতে পারতাম কিনা!
আর তোমরা কি জানো না যে, প্রত্যেক বানি-হাশিমকে তথা হাশমীকে অধিকার দেয়া হয়েছে শাফাআতের?
অত:পর তিনি ওই তরুণের দিকে ফিরে তাকালেন এবং বললেন, বলুন, আপনি আমাকে নিয়ে জান্নাতে যাবেন তো?
তরুণ, বললেন, নিশ্চই আমি আপনাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না।
(আর ইসলামী ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার এই বছর দশই মুহররমের সময়কালে নরসিংদীর একটি ব্যাঙ্ক শাখায় আভ্যন্তরীণ সভায় বলেন,
-মুহররম উপলক্ষ্যে ইয়াজিদ র. কে কী পরিমাণ অসম্মানিত করা হচ্ছে!
-অথচ তিনি ছিলেন ন্যায়বিচারক শাসক।
-তিনি এলে আমরা বাংলাদেশের শাসনভার তাঁর উপর ন্যস্ত করতাম। তাঁর হাতে বাইআত গ্রহণ করে।
এই কথা শুনে ইসলামী ব্যাঙ্কে কর্মরত এক রোকন সদস্য বলে ওঠেন, নাউযুবিল্লাহ, এটা কি ইয়াজিদি ধর্ম নাকি?
আর আরেক সিনিয়র অফিসার, দলের সদস্য বলে ওঠেন, দরকার নাই আমার টাকার। চাকরির। ঈমান থাকলে পরকালে মুক্তি পাবো।
আর দারোয়ান বলে ওঠে, এরা তো প্রায়ই এ ধরনের কথা বলে। বহু বছর ধরে আছি। আমরা জানি।)
তাই,
রাসূল দ. মক্কা থেকে মদীনায় হিজরত করার সময় বলছেন, হে আমার পিতৃভূমি, আমি তোমাকে ভালবাসি। আমি তোমাকে ভালবাসি। তারপর কাঁদছেন। (ভূমির প্রতি আলাদা মমত্বের নিদর্শন)
তাই,
তিনি বলছেন, আরবদের জন্য শোভনীয় নয় যে তারা পারসিকদের মত পোশাক পরবে। (ভাষাগোষ্ঠীর প্রতি মমত্ব)
তাই,
তিনি বলছেন, ওই গোত্রে তো বিবাহের সময় সঙ্গীতের প্রচলন আছে। তারা কি কনের সাথে সঙ্গীতজ্ঞ কোন নারীকে পাঠায়নি? (গোত্রের প্রচলনের প্রতি সম্মান ও মমত্ব।)
সংঘাত,
অথচ নিজ দেশপ্রেম, নিজ ভাষাপ্রেম, নিজ গোত্রপ্রেম কখনো কোনদিনই বৈশ্বিক ন্যায়বিচারের এবং ইসলামের প্রতি বাঁধা হয়ে আসতে পারেনি সেই কথার সত্যায়ন পাই আবার অন্য হাদিসে-
ইয়া আইয়ুহান নাস! (খেয়াল করুন, রাসূল দ. আইয়ুহাল মু'মিনুন বা বিশ্বাস স্থাপনকারীর দল বলেননি, আইয়ুহাল মুসলিমুন বা ইসলাম গ্রহণকারীদের দল বলেননি, ইয়া উম্মাতি বা হে আমার জাতি বলেননি, তিনি বলছেন ইয়া আইয়ুহান না-স! হে মানবজাতি! হে মানুষ!) তোমরা জেনে রাখো, আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নেই। অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নেই। সাদার উপর কালোর এবং কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই। পিতার পাপ পুত্রের উপর বর্তাবে না, পুত্রের পাপের জন্য পিতা জিজ্ঞাসিত হবেন না।
একই রাসূল দ. নিজ গোত্র, নিজ ভূমি ও নিজ ভাষাগোষ্ঠীর প্রতি মমত্ব রেখেও বিশ্বপ্রেমে লীন হতে শিখিয়েছেন। কারণ, এই হাদিসগুলোয় কোন দ্বন্দ্ব নেই।
২. মুমিনের কার্যাবলী
ইন্নামাল আ'মালু বিন্ নিয়্যাত। কেন প্রতিটা হাদীস গ্রন্থে এই হাদিস দিয়ে শুরু? আমার মনের ভিতরে যে উদ্দেশ্য লুক্কায়িত আছে, তার উপর ভিত্তি করেই আমার কাজের মান নির্ধারিত হবে আল্লাহর কাছে।
এমনিতে ভাত খাওয়া বিশেষ কিছু নয়, প্রাকৃতিক কর্ম বিশেষ কিছু নয়, ঘুম বিশেষ কিছু নয়। এতে আর যাই থাক, প্রভুর দাসত্ব তথা ইবাদাত হবার কোন সম্ভাবনা নেই। বরং দেহের দাসত্বের সম্ভাবনা আছে।
কিন্তু একজন পূর্ণ মু'মিনের দৃষ্টিভঙ্গি, তথা নিয়্যাত কী রকম?
-আমি ভাত খাচ্ছি, এতে শক্তি হবে, শক্তি হলে আমি আরো ইবাদাত করতে পারব।
-প্রাকৃতিক কর্ম করছি। সুস্থ থাকব। সুস্থতায় আরো ইবাদাত হবে।
-ঘুমাচ্ছি। শরীর তরতাজা থাকবে। উঠে যা করব তা তো শুধুই প্রভুর জন্য করব।
-আমার সন্তানকে আমি আমার নিজস্ব কিছু হিসাবে ভালবাসি না, বরং প্রভুরই অধিকারে থাকা একটা পূর্ণতাপ্রাপ্ত রূহকে আমি আমানত হিসাবে গ্রহণ করেছি। তখন সন্তানের গালে চুমু খাওয়া ইবাদাত।
-আমার সম্পদ নেই। একটা দিরহাম বা কোটি ডলার, এটা প্রভুর কাজের জন্য প্রভু কর্তৃক দেয়া আমানত। ইয়া রাব! আপনার আমানত আমি আপনার কাজে ব্যবহার করব বলেই আমার কাজেও ব্যবহার করি কারণ আমি নিজে আপনার কাজে ব্যবহৃত হব। তাই সম্পদ অর্জন, নিজের জন্য ব্যয় ও অন্যের জন্য ব্যয় ইবাদাত।
-আমি সামনে তাকিয়ে বায়োলজিস্টের মত গাছের পাতায় সবুজ রঙ দেখতে পারি। আবার কবির মত চোখের প্রশান্তি নিতে পারি আবার মুমিনের মত ভাবতে পারি, আহা, আমার রবের দেয়া চোখ দিয়ে আমারই রবের অনুপম সৃষ্টি দেখছি। চরম, মহা, পরম ইবাদাত।
তাই, যিনি ক্বালবুস সালিমে রয়েছেন। পূর্ণ মু'মিন হয়েছেন, তাঁর প্রতিটা শ্বাস প্রশ্বাস এবং পৃথিবীতে কাটানো প্রতিটা মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড চরম ও পরম উচ্চতম ইবাদাত।
এই কারণেই আল্লাহ বলছেন, (কুরআন ও আহাদিসে কুদসিতে),
-সালাম হোক (যাকারিয়া আ.'র উপর, আরেক আয়াতে ঈসা আ.'র উপর) তাঁর জন্ম দিবসে, তাঁর ঘুম দিবসে এবং যেদিন তিনি পুনরুত্থিত হবেন সে দিবসে। (কারণ তাঁরা এতটাই পারফেক্ট যে, তাঁদের জন্ম মুহূর্ত থেকে পুনরুত্থান পর্যন্ত এমন কিছু নেই, যাতে সালামের বত্যয় ঘটতে পারে।)
-সালামুন আলা নূহিম ফিল আলামীন (সালাম হোক নূহ আ.'র উপর, যত জগৎ আছে সমস্ত জগৎ থেকে)। (কারণ তাঁরা এতটাই পারফেক্ট এবং আল্লাহ কর্তৃক হিফাজতকৃত।)
-মু'মিন আল্লাহর নূর দিয়ে দেখে। আরিফ আল্লাহর চোখ দিয়ে দেখে।
-যারা শহীদ (শহীদের দুই অর্থ, ১. যাঁরা প্রাণপাত করেন আল্লাহর পথে, ২. যাঁরা আল্লাহর সাক্ষ্য দেয়ার মত উচ্চতর স্তরে উপনীত হন) তাদেরকে তোমরা মৃত বলো না। বরং তাঁরা জীবিত, তোমরা তা বুঝতে পার না। এমনকি তাঁদের কাছে রিযিক পৌছে থাকে।
-এবং আল্লাহর বন্ধুদের না আছে কোন (পাপজনিত) ভয়, না কোন (বিপদের) শংকা।
৩. বিচারপ্রার্থীতা
শাহবাগে আমরা কী চেয়েছি?
যারা বাংলাদেশের জন্মের সময় স্বজাতির মানুষ হত্যা ও নারী নির্যাতনের অপরাধে অপরাধী, সেইসব ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে নিজ নিজ কাজের ধারা অনুযায়ী শাস্তি দিতে হবে এবং তাদের সবার বাংলাদেশে সক্রিয়তা নিষিদ্ধ করতে হবে।
এখানে ইসলামের কাজ হচ্ছে তিনভাবে,
১. ইসলামের নাম ভাঙিয়ে কিছু চরম পথভ্রষ্ট মানুষ এই হত্যাকান্ড ঘটিয়েছিল, যদি মুসলিম সেখানে জড়িত না হত, তাহলে এই কথা প্রমাণিত হতো যে,
-মুসলিম মুসলিমের অপকর্মের বিচার চায় না। (অথচ রাসূল দ. বিচারে ইহুদিকে ন্যায় পক্ষে পেয়ে তারই পক্ষে রায় দিয়েছিলেন। আমরা এই রাসূল দ.'র শিক্ষাকে পদাবনত করতে পারি না। তাহলে ঈমান থাকে না।)
২. কিসাস দাবী করা ইসলামের অধিকার।
৩. ন্যায়বিচার সমাপ্ত করা ও সম্পূর্ণ করা ইসলামের নিদর্শন। বনু নাদ্বির। বনু কুরাইজা।
উপরের তিনটা স্তরের আলোচনার একত্রীকরণে আপনি কী পাচ্ছেন ভাই?
এবার আসি অন্য বিষয়ে।
কোনও একটা কারণে আপনার মনে ধারণা হয়েছে যে,
শাহবাগ আন্দোলন উকাযের মেলার মত কোন পূজা, পার্বণ, নৃত্যগীতি, অশ্লীলতা, মাদকদ্রব্যের আখড়া, জুয়া, ইত্যাদির মেলা।
জানাতে পারি, এই ধারণা ভুল। জানাতে পারি, লীগ তাদের মত করে এটাকে ব্যবহার করতে চেয়েছিল। হ্যা। কমুনিস্টরা তাদের মত করে ব্যবহার করতে চেয়েছিল। হ্যা। কিন্তু মানুষ, লক্ষ লক্ষ নারী পুরুষ শিশু বৃদ্ধ- হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি অবাঙালি, তাঁরা এসেছিলেন কাঁচা একটা সুঘ্রাণ নিতে। ন্যায়বিচারের সুঘ্রাণ। সেখানে আমার মত অগুণতি অসংখ্য ধার্মিক লোক ছিল। অগুণতি অসংখ্য নারী ছিলেন প্রোপার পর্দা করে।
এই কারণে আপনি শাহবাগের সাথে ইসলামের কোন সম্পৃক্ততা পাচ্ছেন না।
আমি নিশ্চিত, আপনি জীবনে একবার হলেও হিন্দি সিনেমা দেখেছেন, একবার হলেও ইংরেজি সিনেমা দেখেছেন, এবার হলেও বাংলা সিনেমা ও নাটক দেখেছেন, একটা হলেও জাফর ইকবাল বা হুমায়ূন আহমেদের বই পড়েছেন, (যে পাঁচটার কোনটাতেই কোন টার্গেটেড অশ্লীলতা ছিল না বলেই ধরে নিচ্ছি), নিশ্চিত, আপনি ১,০০০ ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দিয়েছেন। বন্ধুর বাসায় বেড়াতে গেছেন। চাচার সাথে প্রয়োজন নেই, এই পরিমাণ আলাপ করেছেন। একবার বলুন তো, সারা জীবনের বেশিরভাগ এইসব করে কাটালাম আমরা, যা না পাপ, না পূণ্য- এই কাজে ইসলামের ঠিক কী করা হয়েছে???
আপনি ভাই আতঙ্কিত। আপনি আতঙ্কিত শাহবাগ নিয়ে সম্পূর্ণ অন্য দৃষ্টিভঙ্গি থেকে।
আপনার কাছে এটা সম্মানিত মানুষদের রক্ষা করার জন্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু একবার ভেবে দেখুন, অপরাধী, চরম অপরাধী কখনো খলিফাতুল্লাহ হতে পারে না। কোনও খলিফাতুল্লাহ কখনো চরম অপরাধী ছিলেন না। কোনও খলিফাতুল্লাহ কখনো জনমানুষের দ্বারা এত বেশি ঘৃণিত ছিলেন না।
আপনাকে আমি অ্যাশিউর করতে পারি,
শাহবাগ আন্দোলনের প্রথম দিন থেকেই ছিলাম।
রাতের পর রাত কাটিয়েছি।
আন্দোলিত হয়েছি দেশের গানে। দাঁড়িয়ে থেকে শ্লোগান দিয়েছি।
ওখানে কী হয়েছে কী হয়নি সেটা আমি তো জানি, নাকি? আর প্রতিটা মুহূর্তই আমার ছিল পরিপূর্ণ ইবাদাত। কারণ আমি ন্যায়বিচারের পক্ষে ছিলাম। কারণ এই ন্যায়বিচারের কথা আমি পুরো পৃথিবীর বিপরীতে মুখের উপরে বলে দিতে পারব।
আমি আমার অধিকার ছাড়ি নাই!
আল্লাহও তোমাদের মাফ করবেন না, কারণ এটা হাক্কুল্লাহ নয়, হাক্কুল ইবাদ!
কিসাস চাই! কিসাস!
আমি ওই লাশগুলোর ফিরিস্তি চাই, যেগুলোকে আমার মা বুড়িগঙ্গা নদীতে ষোল ডিসেম্বর নৌকা দিয়ে যেতে যেতে দেখেছেন। মাঝি নৌকা বাইতে পারে না, আহারে, খালি লাশে লাশে বৈঠা লেগে যায়। শত শত শকুন। কোত্থেকে এল? একটা লাশের উপর বসে, আর সেটা টুপ করে ডুবে যায়।
আমি আমার মায়ের চাচার হত্যার কিসাস চাই! রাজাকার আমার মায়ের চাচাকে হত্যা করেছিল একাত্তর সালে। তিনি কোন অপরাধ করেননাই। আমি রজম্ চাই ওই ব্যক্তিদের, যাদের কারণে আমার নানাবাড়ির ঘাটে নৌকার ২০ জন ঘুমন্ত মাঝি মারা গিয়েছিল।
বদলা চাই!
চোখের বদলে চোখ!
হাতের বদলে হাত!
পায়ের বদলে পা!
আর প্রাণের বদলে প্রাণ!
শরীআহর আলোকে বিচার চাই! ত্রিশ হাজার হলে তাও সই, তিন লাখ হলে তাও সই, ত্রিশ লাখ হলে তাও সই, আমাকে ত্রিশ হাজার হত্যার বিচার খালি করে দেখাও, আমি বিচার চাই! বিচার!
আমি উইটনেস, কোন তাত্ত্বিক নই।
তাই আমার জোরটা অনেক অনেক বেশি।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





