![]()
আজ ডিসেম্বরের ৭ তারিখ । বাংলাদেশের চলচ্চিত্র ইন্ড্রাস্ট্রির জন্য আজ এক কালো দিন !
২০০২ সালের ৭ ডিসেম্বর ময়মনসিংহ শহরের পূরবী , অলকা , ছায়াবাণী এবং অজন্তা এই চারটি সিনেমা হলে এক যোগে সেদিন ভয়াবহ বোমা হামলা হয় । এতে প্রান হারায় ১৮ জন মানুষ , আহত হয় আরও দেড় শতাধিক । ধ্বংস করতে চেষ্টা করা হয় চারটি সিনেমা হল , আমাদের চলচ্চিত্র শিল্প ।
কালে কালে পার হয়েছে ১১ টি বছর । আমার খুব জানতে ইচ্ছে হয় , আচ্ছা আমরা কেউ কি কোন নির্জন দুপুরে ভাবতে চেয়েছি সেই নিহত মানুষগুলোর কথা । কেমন আছে নিহতদের পরিবার ? আহতদের অনেকেই আজ মানবেতর জীবন যাপন করছেন । অথচ তাদের দেখার কেউ নেই । তাদের সাহায্য পৌঁছে দেয়া তো আমাদের চলচ্চিত্র সংগঠন এবং সরকারের দায়িত্ব । আমরা কি আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি ? এখন পর্যন্ত ময়মনসিংহ শহরের সেই হল গুলো দাড়াতে পারছে না । হল পূর্ণজাগরণে আমরা কি পদক্ষেপ গ্রহন করেছি ?
লক্ষ্য করে দেখুন কিন্তু আমাদের চলচ্চিত্রের মূলদর্শক কিন্তু তারাই যারা হলে এসে নিজের পয়সা খরচ করে আমাদের মুভি দেখে । আমাদের বানানো দেশীয় চলচ্চিত্র দেখতে আসা খুব সাধারণ পরিবারের এই নিহত এবং আহত মানুষগুলোর দিকে সেদিন নোংরা হাসি হেসে বোমার আঘাত ছুটে এসেছিল । অসহায়ের মতো আমাদের ভাই বোনেরা সেদিন অসুস্থ জঙ্গিবাদের আঘাতে জর্জরিত হয় । এইটা আমাদের লজ্জার যে আমাদের চলচ্চিত্রকে যে মানুষগুলো সামনে এগিয়ে নিয়ে যায় তাদের জীবনের নিরাপত্তা সেদিন আমরা দিতে পারিনি । সেদিন তারা মৃত্যুবরণ করেছিল একদল নষ্ট মানুষের , জঙ্গিবাদের কুলষিত অভিশাপে ।
আজ ১১ বছর হতে যাচ্ছে । কোথায় তদন্তের চূড়ান্ত ফলাফল । আমরা অপরাধীদের সাঁজা দেখতে চাই । আমাদের মতো নিহত এবং আহতদের পরিবার চায় যথাযথ বিচার । বিচার কি হয়েছে সেই বোমাবাজ অপরাধীদের ? সুত্র জানায় জেএমবি বোমা হামলার দায় স্বীকারের পর তদন্ত নতুন বেগ পায় এবং বিচার প্রক্রিয়া শেষ করতে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হয় ।
তবে আর কতদিন ? বিচারের আশায় কাঁদছে সেইসব ভুক্তভোগীরা । শুনতে পাচ্ছেন তো ? তবে অনেক হতাশার মাঝে আশার কথা ময়মনসিংহের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কাশেম মুসা বলেন – বর্তমানে সিনেমা হলের পৃথক চারটি মামলা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন । তিনি আশা প্রকাশ করেছেন খুব শিগ্রী এর বিচার কাজ শেষ হবে । আমরাও চাই দ্রুত শেষ হোক এই বিচার কাজ ।
আমরা জানি ২০০২ সালের এই দিনের বোমা হামলাকারীরা কেবল মাত্র আমাদের চলচ্চিত্রপ্রেমীদের হত্যা করতে চায়নি তারা হত্যা করতে চেয়েছিল আমাদের সমগ্র চলচ্চিত্র শিল্পকে । সেদিনের দুষ্কৃতিকারীরা চেয়েছিল নষ্ট করে দিতে আমাদের দেশীয় কালচার , কৃষ্টি , শিল্প , সংস্কৃতি , আমাদের ভালোবাসার স্থান আমাদের চলচ্চিত্র । ওরা ভেবেছিল – বোমা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করে দেয়া যাবে ।
কিন্তু আজ ১১ বছর পর আমি গর্বের সাথে বলতে পারি – না , সেদিন সেই নোংরা মনের অমানুষদের চলচ্চিত্র হত্যা করবার মাস্টারপ্ল্যান সার্থক হয়নি । অনেক কষ্ট করে মাথা উঁচু করতে শিখেছে যে বাঙ্গালী জাতি তারা কয়েকটা বোমা আঘাত ভয় পায় না । আমাদের চলচ্চিত্র ঠিকই তার অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে । বিশ্ব দরবারে আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রি নিজের যোগ্যতায় জায়গা করে নিচ্ছে প্রতিদিন । আজ শত শত মেধাবী তরুণ-তরুণী দেশের চলচ্চিত্র নিয়ে কাজ করতে এগিয়ে আসচ্ছে । আমাদের দর্শকরা এখন ভিনদেশি চলচ্চিত্রের বদলে দেশীয় চলচ্চিত্রে পুনরায় বিশ্বাস ফিরিয়ে আনছে । এসব আমাদের সাফল্য । আমাদের চলচ্চিত্রের অর্জন ।
হ্যাঁ , আমি তীব্র বিশ্বাসের সাথে বলতে চাই — বাংলাদেশের চলচ্চিত্র শিল্প পথ হারাই নি । পথ হারাবে না । আমরা এগিয়ে যাবোই ।
[ছবি - বোমার আঘাতে এক পা হারানো অজন্তা সিনেমা হলের মালিকের পরিবারের সদস্য সলিমুল্লাহ বাবু
ফটো ক্রেডিট - Gmb Akash ]
লেখাটি আরও প্রকাশিত হয়েছে DHALLYWOOD24.COM
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



