লজ্জাটা আমার জন্মের সময় থেকেই। ধুস শালা! পৃথিবীতে কি দেশের আকাল পড়েছিল? শ্লার আমাকে এই মরার দেশেই জন্ম নিতে হল... মাঝে মাঝে স্রষ্টাকে একটা গাল দিতে ইচ্ছে করে। আমার জন্মটা যদি হত আমেরিকায়! হুম! ওদের ভাষা ইংরেজি অভিজাত ভাষা। ছাইয়ের বাংলা দিয়ে আমি কি করব? হ্যাঁ, মানতে হবে ভাষাটা শুনতে অনেক সুন্দর? ছোট্ট একেকটা শব্দও যেন হৃদয়ের গহিনে গেঁথে থাকে। কিন্তু সৌন্দর্য ধুয়ে কি আমি পানি খাব? আমার তো স্টাইল দরকার।
আমেরিকায় না হোক অন্তত ইন্ডিয়ায় তো হতে পারত! হিন্দি মুভিগুলো যা করে না। উহ! শাহরুখ, হৃত্বিক, সালমানের কি স্টাইল! আমি কি করব নজরুল-রবীন্দ্রনাথকে নিয়ে? কি হবে হুমায়ুন আহমেদ, ইমদাদুল হক মিলন, জাফর ইকবালকে দিয়ে? সাহিত্য দিয়ে কি স্টাইল হয়? ওগুলো যারা পড়ে সবগুলো তো ক্ষ্যাত। শুধু দেশ দেশ করে মরে। এত দেশ দেশ করে কি হবে? একটা স্টাইল আছে না?
নাহ! স্রষ্টা না হয় আমার প্রতি বিরূপ হয়ে এমন একটা বিতিকিচ্ছিরি দেশে জন্ম দিয়েই দিয়েছে! আমার কি ঠেকা পড়েছে সেটাকে আগলে রাখার? আবার এই ভাষার জন্যে না'কি বায়ান্নতে কতগুলো আহাম্মক প্রাণও দিয়েছিল! সবগুলো ক্ষ্যাত। এই দেশটাকে স্বাধীন করতে না'কি ত্রিশ লক্ষ মানুষ প্রাণ দিয়েছে। দেবেই তো এই মরার দেশ আর ভাষা আঁকড়ে যারা পড়ে থাকে, তারা তো পড়ে পড়ে মার খাবেই।
তবে, ইদানীং ভাল একটা স্টাইল হয়েছে। আমি বাঙালি তো কি হয়েছে? স্ট্যাটাসগুলো সব ইংলিশে দিই। কিন্তু, ইংলিশটাও পুরোপুরি পারি না। তাই, বাংলিশে টাইপ করে দিই। কেউ জিজ্ঞেস করলে বলি, বাংলা টাইপিং পারি না। অবশ্য, ইংলিশ টাইপিং পারলেই Avro Keyboard দিয়ে ফনেটিকে বাংলা লেখা যায় সেটা উল্লেখ করি না। আবার কখনও বলি, মোবাইলে চালাই। কিন্তু Bangla Text কিংবা Write Bangla via Mobile এর কথা উল্লেখ করি না। তাহলে, তো ধরা পড়ে যাব। আমার আর স্টাইল হবে না। অবশ্য, মাঝে মাঝে কোন বাংলা টাইপিস্ট বাগে পেলে পচানি দিতেও ছাড়ি না। শালা হারামি, তুই বড় দেশ-প্রেমিক হয়ে গেছিস না? ভাব মারার জায়গা পাস না?
এই ক্ষ্যাতগুলারে দেশ থেকে বিতাড়িত করা উচিত। ধুর! কি বলতে কি বলি! এটা তো আমার দেশই না। স্রষ্টা তো ভুল করে এই জঘন্য দেশে আমাকে জন্ম দিয়েছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





