
সাত সকালে ধোঁয়া ওঠা এককাপ গরম গরম দুধচা
আর তিনখানা মেরি বিস্কুট নিয়ে বসে আছি ব্যালকনিতে।
ঠিক সেসময় তুমি ব্যস্ত স্নানঘরে নিত্য অভ্যাসে।
একলা আমি নিজের মতো ,
কোন এক ফাঁকে হঠাৎ
নড়ে উঠলো ব্যালকনি সংলগ্ন সদ্য প্রস্ফুটিত কাঠগোলাপের দল!
আমায় দেখে তারা সহাস্যে বলল,
"শুভ সকাল"।
আমি আলতো করে তাদের ছুঁয়ে হেসে বললাম
"শুভ সকাল কাঠ গোলাপ, সব খবর ভালো তো?"
ওরা হেসে কিছু সুবাস ছড়িয়ে দিলো।
তারপর পরই...
হঠাৎ কোথেকে এক দোয়েল এলো,
মিষ্টি সুরে শীষ দিয়ে গান গেয়ে উঠলো,
না এতো গান নয়!
এ যে আন্তরিক আলাপন -
অনেক চেষ্টাতে বুঝলাম,
"সে জানতে চায়, কেমন চলছে আমাদের টোনাটুনির সংসার।"
বললাম,
"ভালো আছিগো খুব ভালো আছি,তুমি ও নিশ্চয় ভালো আছো?"
তারপর সে মিষ্টি সুরে কিছু গান শুনিয়ে উড়ে গেলো ফুড়ুৎ করে।
শরতের ঝাঁ চকচকে নীল আকাশ,
নীচে কাশের শ্বেত শুভ্র বসন রোদ মেখে করছে চিকচিক।
আর এদিকে মেঘেরা ব্যস্ত লুকোচুরি খেলায়।
এক ফাঁকে এক টুকরো মেঘ এসে জানতে চায়,
কেমন আছো গো সোনা ছেলে তোমরা?
আমি হাত নেড়ে বলি "ভালো আছিগো ভালো আছি, সোনা মেঘ আমার।"
তারপর মেঘদল সরে যেতেই
কখন জানি চুপিসারে তুমি এলে,পেছন থেকে জড়িয়ে ধরে বললে,
কি নিয়ে এতো ব্যস্ততা তোমার?
আমি তোমার চোখে চোখ রেখে বললাম,
এই ফুল পাখি মেঘেদের সাথে চলছে
তোমার আমার সংসার বিষয়ক মত বিনিময় সভা।এই নিয়েই ব্যস্ততা।
তুমি হি হি হি করে হেসে বললে,
এতো কথা তুমি কোথায় পাও বলতো?....
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





