
নীপবনের ফাগুন হাওয়ায় ভাসছে হোলির রং
ইচ্ছে খুশি আবির মেখে সাজছে সবাই সং।
পলাশ ফুলের মালা জড়িয়ে শাল শিমুলের বনে
চেনা অচেনায় মিলেছে সবাই উৎসবে আয়োজনে।
রাত ফুরিয়ে ভোর ছাড়িয়ে পুব আকাশের লাল
সেই লাল মেখে ফুল পাখি সব দারুণ বেসামাল।
আবির রঙে দুঃখ পালায় হাজার মাইল দূরে
স্মৃতির পাতা মেলে আঁখি, কত্ত কি মনে পড়ে!
হাওয়ায় হাওয়ায় ছড়াক রং লাগুক সবার গায়ে
ভালোবাসা লুটিয়ে পড়ুক প্রত্যেকের জোড়া পায়ে।
ঢাক বাজছে গাইছি গান পিচকারিতে রং
সেই রং না মাখার বাহানায় কত্ত নানান ঢং।
দোলের দিনে মন খুশিতে বিভেদ ভুলে যাই
ছড়িয়ে পড়ুক ভালোবাসা দুঃখীর আঙিনায় ।
© রফিকুল ইসলাম ইসিয়াক
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




