দুটি পাখি
- রইসউদ্দিন গায়েন
দুটি পাখি
পাখি দুটি রোজ সকালে আসতো ।
আমার ঘরের জানলার কাছে,
একটা তারের ওপর বসতো ওরা ।
পাশাপাশি এমনভাবে থাকতো,
যেন ওরা চিরসুখী, চিরসুন্দর !!
মাথায় কৃষ্ণচূড়া পাখিটি ডানদিকে,
আর বামে তার প্রেয়সী ।
নাম না-জানা পাখি দুটি
প্রতিদিন আসতো ঊষার আলোর সাথে ।
ভোরের হাওয়ায়, মিষ্টি গলায়—
আমার ঘুম ভাঙাতো ।
একদিন দেখি প্রেয়সী একা—নীরব কন্ঠ তার ।
প্রশ্ন আমার মনে—একা কেন?
পরদিনও দেখি একা ।
আরও একটি সকালের প্রতীক্ষায়—
তখনও আমি আধো ঘুমে ।
ফুটলো ঊষার আলো—
কিন্তু না, এল না সেই কৃষ্ণচূড়া-পাখিটি !
সাথীহারা পাখিটি এসেছিল আরও কিছুদিন ।
তারপরও দীর্ঘ প্রতীক্ষা—
না, এল না কেউ আর ।
সেই তারের রাজপ্রাসাদ আজ শূন্য !
মনে মনে ভাবি—
ছোট্ট দুটি পাখির জন্য
এত মায়া কেন, আমার মনে ?
একটা করুণ কান্না যেন স্তব্ধ হয়ে আছে বুকে—
নাম না-জানা ছোট্ট দুটি পাখির জন্য !!



সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


