আমার বেগমের গতদিনের লেখাটা কি পড়েছেন? ঝুড়ি ভরে ভরে আমার দূর্নাম করেছে সে। এই বস্তুটা দুনিয়ার সব মেয়েতেই কমন ,পতিনিন্দা না করলে ওদের পেটের ভাত ঠিক হজম হতে চায় না, অফ দ্য রেকর্ড বলে রাখি ছেলেদেরও তাই, পরের গিন্নির পতিভক্তিটাই ওদের নজরে পড়ে সবসময়- নদীর অন্যকুলে সকলই সুন্দর কিনা!
সে যাই হোক-পর্দা যখন সে ফাঁস করেইছে তখন আমিই বা আর পিছিয়ে থাকি কেন? চিচীম ফাঁক ওরটাও করা যাক।
ঈদের সময়কালটা আমি খুব ভয়ে ভয়ে থাকি- কেনই বা থাকবো না? যার স্ত্রী আছে , সংসার আছে, বাল বাচ্চা আছে - মানে কিনা সাংসারিক জীব -তাকে এই খরচের মৌসুমে স্রেফ সং সেজে যেতে হয়, সার পদার্থ কিছু আর থাকে না -মানিব্যাগে অবশ্যই।
রোজার শুরু থেকেই সদলবলে শপিং-এ যাওয়া শুরু হয় আমাদের । এবারও তার ব্যাতিক্রম না। গিন্নি হাঁটেন লিডার হয়ে , দোকান থেকে দোকানে ঘোরেন- আমি পিছে পিছে তার সাথে চলতে থাকি। যত যত সময় পার হতে থাকে আমার দুই হাতে সমানুপাতিক হারে চাপানো ওজনের পরিমান ততই বাড়তে থাকে।শিরীন মহানন্দে দরাদরি মূলামূলি করতে থাকে, ওকে দেখে মনে হয় দুচারশো টাকা বাঁচানোর জন্য সে যুদ্ধে নেমেছে,বাজি রেখেছে ওর মনপ্রাণ। কটা টাকায় হেরফেরের জন্য মার্কেট মার্কেট সে চষে বেড়ায়। ওকে যেন কেউ ঠকাতে না পারে । সেরা জিনিসটা চাই ওর সেরা কম দরে। অবশ্য মানছি- দোকানের বিভিন্ন জিনিসগুলো নেড়ে চেড়ে দেখার সময় যখন কোন ব্যাপারে শিরীন আমার মতামত জিজ্ঞেসা করে তখন আড়চোখে আমিও প্রাইস ট্যাগটার দিকে একটু তাকিয়ে নিই ঠিকই।
দোকানে দোকানে, এক শপিং মল থেকে অন্যটাতে ঘুরে বেড়াতে কারই বা কাহাতক ভালো লাগে? এর চেয়ে ইএসপিএনের টিটোয়েন্টি ম্যাচটা দেখতে পারলে কিছু কাজের কাজ হয়। এমনিতেও আমার ভারবহন ছাড়া বিশেষ কোন কাজ নেই, দোকানীও আমকে বিশেষ পাত্তা টাত্তা দেয়না,শিরীনও মতামত জিজ্ঞেস করেই খালাস-
'আমি কি জানি এইসবের -তুমিই তো ভালো বোঝ' -হামেশাই এই টাইপ জবাব দেই বলে সে কিছু বিরক্তই হয়।
' একটা মানুষ তো নয় যেন জড়পদার্থ নিয়ে এসেছি- কোন একটা ব্যাপারে হেল্প হয়না তোমাকে দিয়ে। কোন একটা কিছু কিনতে এলে মানুষ একটা কম্পেনিয়ন নিয়ে আসে একটু এডভাইস দিয়ে সাহায্য করার জন্য , তোমাকে সাথে আনাও যা না আনাও তাই।'
আমি মনে মনে বলি,না আনলেই তো বাঁচি, সাথে নিয়ে আসার জন্য কি সেধেছি নাকি তোমায়? আর আমাকে সঙ্গে না আনলে তোমার এই ব্যাগ এন্ড ব্যাগেজ গুলো সামলাবে কে তাহলে, শুনি?
প্রকাশ্যে এইসব বলতে সমস্যা আছে, তাই মনে মনে গজরাতে থেকি কেবল।
এই কি কম, যে সাথে মুনিরকেও নিতে হয়? সে এখানে দৌঁড়ায় -সেখানে যেতে চা্য,মহা অস্থির ও ছটফটে, দুষ্টের হাঁড়ি - একেবারে ওর বাপের ছোটবেলার ডুপ্লিকেট কপি একটা। সারাক্ষন ধরে রাখতে হয়।ওর আগের রেকর্ড খারাপ- দু দুবার ঈদের বাজারে হারিয়ে গিয়েছিল সে।তারপর ফিরে পাওয়ার আগে পর্যন্ত যে পেরেশানি , টেনশান আর দুর্ভোগ গিয়েছে তা আর কি বলব।লিখতে গেলে এক উপন্যাস হয়ে যাবে -এই ছোট গল্পের পরিসরে কুলাবে না।তাই এখন অতিরিক্ত সাবধানী আমি-এর এক হাতে ছেলে আর অন্যহাতে ঝোলা সামলানো - এক্কেবারে সব্যসাচী ।
এক মল থেকে আরেক কমপ্লেক্স , কমপ্লেক্স থেকে প্লাজা,প্লাজা থেকে গার্ডেন, গার্ডেন থেকে সিটি, সিটি থেকে ওয়ার্ল্ড - ঘুরতে ঘুরতে এক এক সময় আমার মনে হতে থাকে - আর পারছিনা -হাত দুটা একেবারে খসে পড়বার জোগাড় হয়ে গেছে।কেমন কেমন করে যেন ,বোধকরি টেলিপ্যাথির জোরেই শিরীন টের পায় যে আমি আমার বিয়ারিং ক্যাপাসিটির আলটিমেট পর্যায়ে পৌঁছে গেছি।তখন সে দয়াপরবশ ক্ষ্রান্তি দেয় সেদিনকার মত।
প্রতিবারই আমি চাই অন্তত চাঁদরাতে যেন কোন কেনাকাটাই বাকি না থেকে যায়- তারপরও শিরীন কিছু না কিছু রাখবেই। ও আর শুধরালো না কোনকালেই- এত করে বলি তবুও।ওর কান্ড বলি শুনুন।
স্তুপ স্তুপ কাপড় বিছানায় ভর্তি করে রাখা, এত বেশী জিনিস কেনা হয়েছে যে ওগুলো বিছানার উপর ঢেলে রাখার পর আমাদের আর বসার তিল মাত্র জায়গা খালি নেই।ঈদের মাত্র দুদিন বাকি। কাল যদি চাঁদ দেখা যায় তো , পরশু দিন ঈদ। আমি আশা করলাম এবারের মত বুঝি রেকর্ড ব্রেক হলো,এবার শিরীন সত্যি সত্যিই আগেভাগেই কেনাকাটার কাজটা শেষ করতে পেরেছে।এত কাপড় বিছানাভর্তি-আর কিছু সম্ভবত আনার বাকি নেই।
মহানণ্দে সব সে আমাকে দেখায় -' দেখ এইটা কিনেছি মার জন্য, আর এইটা আম্মার মানে তোমার মায়ের জন্য , দেখতেো পছন্দ হবে কিনা,উনি তো আবার বেশী রংচং এ জিনিস পরেন না।' উদ্বিগ্ন চোখে আমার দিকে তাকায় শিরীন।
'এটা সীমা ভাবির, উনি একটু চাপা রঙের তো-এই মিষ্টি কালারটা মানাবে ভালো।আর এইটা রাসেলের জন্য একটা শার্ট, এইরকম একটা শার্ট ওর খুব কাজে লাগবে, ফর্মাল শার্ট ওর খুব একটা নেই, প্রতিবার ইন্টারভিউ দিতে যায় একই শার্ট পরে । ভালো হয়েছে না?'
ওর সাথে সাথে সবজায়গায় গিয়েছি বটে কিন্তু তখন অত মনোযোগ দিয়ে তো আমি দেখিনি , কোন একটা একটু পছন্দ করে আমার দিকে মতামতের জন্য তাকালে আমি মাথা নেড়ে উৎসাহিত করেছি - কিনে ফেললেই তো ল্যাঠা চুকে যায়। যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো । তাই এখন আবার নতুন করে দেখার পালা চলছে আমার।
'আচ্ছা দেখ, এইটা রুমার- আমার বোনের জন্য কেনা , সামনে ধরে থ্রিপিসটা দেখায় সে,এটা আশিকের জন্য একটা শার্ট , ওকে তো দিতেই হবে। বড় ভাইয়ের একমাত্র বাচ্চা। '
'এটা শীলার - ও আড়ং-এর একটা সেটের জন্য শখ করেছিল। আর এইটা দেখ- তোমার ছেলের জন্য কিনলাম- আজকাল এরকম কার্টুন মার্কা টিশার্ট বেরিয়েছে - ওর কোন বন্ধু পরেছে- ব্যাস ছেলের মাথা খারাপ। কি সব আজেবাজে ফ্যাশান - বাচ্চাকাচ্চাদের মাথাটা খেল। ঐ জিনিসই তার লাগবে- কত্তগুলো দোকান ঘুরে ঘুরে এই একটা পেয়েছি- ওর পছন্দ হয়েই হয়। তোমার ছেলের ত তোমার মতই চয়েস, খালি খুঁতখুঁতে স্বভাব।পুরো বাপকা বেটা।'
অনন্ত কেনাকাটার পসরা দেখতে দেখতে আমার ঝিমঝিম ভাব হয়। আচ্ছা কিছু একটা মিসিং মনে হচ্ছে- বাজে সন্দেহটা ফিল হয় আমার।
'সবই তো দেখলাম,কই এখন তোমারটা দেখি - কি কিনলে এত এত ঘুরে ঘুরে?'শিরীনকে শুধালাম আমি।
'আমারটা এবার কিনবো না ভাবছি- নতুন কয়েকটা শাড়ি তো পড়ে আছে,তার উপর মাও একটা দিয়েছেন- এমনিতেই ওসব বেশি পরা হয় কই, মাত্র একদুইবার পড়েছি - ওগুলো থেকে একটা দিয়েই কাজ চালিয়ে নেবখন। '
'আর আমার এত কিছু লাগবে না- এই বয়সে বাচ্চাকাচ্চার ঈদ ঠিকঠাক হলেই হলো।সংসারে খরচ দিনদিন বাড়ছে, একেকটা শাড়িতে হাত দেয়া যায় না,আগুন দাম, খামখা টাকা নষ্ট।'
আমি একটা দীর্ঘ নিশ্বাস ফেললাম- গোড়াতেই বোঝা উচিত ছিল আমার । শিরীন তার পুরানো স্বভাব থেকে কবে যে বার হয়ে আসবে? প্রতিবারই এই একই কাহিনী করে সে। আমরা সবাই নতুন ড্রেস পরবো ঈদে আর শুধু বাদ যাবে সে?
'উঁহু,তোমাকে তো নতুন শাড়ি কিনতেই হবে।'মাথা নেড়ে প্রতিবাদ করলাম আমি।শিরীনের এই একটা ভারি বদভ্যাস , খালি অনর্থক তর্ক করা। পারবে না শেষমেষ জিততে , তারপরেও।আমি হাল ছাড়ার বান্দা নই। বলাবাহুল্য এবারের চাঁদ রাতটাও আমার বাইরে বাইরেই ওর শাড়ির সন্ধানেই কাটাতে হবে -এই একটা ব্যাপার ত সিওর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

