আমার এক চিলতে আকাশ,
মেঘ ঢাকা চাঁদ,
ঝরে পড়া জল কণা.......
আমার এই অল্পকিছু গল্পটুকু
আলোআঁধারিতে অজানা!!
ভিজতে দাও....
আজ পুড়তে দাও মেঘে......
বাঁচতে দাও, আমার এই ছোট্ট জীবনে।
তুলে নাও তোমাদের খাতা বন্দি স্বরলিপি
আমি বৃষ্টির জলে সুর চিনে নিয়েছি,
তোমাদের সব যান্ত্রিক হাসি-কান্নার ভিড় ঠেলে
আমি অবারিত এই সবুজের কোলে ফিরেছি।
তোমার দালান জমে জমে করে আমার আকাশ আড়াল,
তোমার প্রমোদ সুখে আমার জলস্রোত হচ্ছে লীন,
কোথায় আমার সবুজে মাখানো পথ??
কেন পুড়ছ আমার ঘাম??
---------------------------------------------------------
"খাতা বন্দি স্বরলিপি"
রায়ান ঋদ্ধ
মঙ্গলবার, সকাল ৮:০৭
৯ অক্টোবর, ২০১২
---------------------------------------------------------
যে জন্য এত আবোলতাবোল লেখা:
কেন জানি মনে হয় পৃথিবীটা বড় বেশী হিসেবি হয়ে গেছে। স্বরলিপি চর্চায় এত ব্যস্ত, এত মনোযোগী যেন সেটা একটু পাল্টে গেলেই ধ্বংস হয়ে যাবে সব। এখানে Code of conduct-এর এত বেশী priority যে যাদের জন্য এটা তৈরি তারা নিঃশেষ হয়ে গেলেও Code of conduct ঠিক থাকা চাই!! সেই ইট-পাথরের ঘর; এত জোরে হাসা যাবে না! এত বেশী কথা বলছ কেন? ওইসব চড়ুই-বাবুই দেখে ভাবুক হয়ে লাভ নাই... বই দেখো, এদের জেনাস-স্পিসিস জানো, কাজে দিবে!! বাক্স বন্দি একটা জীবন যাপন।
চোখ খোলা থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত, আমাদের জীবনের সবটাই একটা নিয়মে বাঁধা। একটা গদ বাঁধা নিয়ম, 9 to 5... কারো হয়তো অন্য, কিন্তু তবুও... বাঁধা রুটিন। এবং তা হয়তো ভালোও। ঠিক যেমন স্বরলিপির চর্চা... সুর, তাল, লয় মেপে মেপে গান করা। গান তুলতে শেখায়, গলায় সুর বসায়, তাল চেনায়, আরও গভীরেরটা জানা নেই।
সব সৌন্দর্যই কি তাহলে নিয়ম মেনে হয়? বৃষ্টি কি তবে মেপে মেপে পড়ে? এই ফোঁটাটা এখানে পড়লে সুরটা ভালো হবে কি না, এসব হিসেব করে নিয়ে নামে প্রতিটা ফোঁটা? কে জানি!! হয়তো তাই! But what if... যদি একটু ব্যতিক্রম হয়? যদি একটু এলোমেলো হয়?? কোন ধরা বাঁধা নিয়ম না মানে, তাহলে??....
সিনেপ্লেক্সে ছবি দেখতে অনেক টাকা খরচ করা যায়, কিন্তু ব্যস্ততার ভেতর থেমে ২ মিনিট বিনে পয়সায় চাঁদের জোছনা কিংবা আকাশে মেঘের খেলা দেখার সময় নেই! আর যদি সময় পাওয়াও যায়, তাহলেও কি? উন্নতির যাঁতাকলে মাথার উপরে এখন কংক্রিটের ছাদ। নদীর নামে এখন শুধু পাওয়া যায় নোংরা-আবর্জনা ভর্তি কালচে তরল। অথচ যাদের জোরে এত উন্নতি, তারাই এখানে মূল্যহীন।
তাই একটা দীর্ঘশ্বাস নিয়ে, প্রকৃতির কাছে ফিরে আসার একটা তিব্র আকাঙ্ক্ষ। বৃষ্টিতে ভেজার আনন্দ, ঘাসের বিছানায় শুয়ে তারা ভরা আকাশ দেখার প্রশান্তি। হই না একটু Out of the box!
সর্বশেষ এডিট : ০৬ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



