আমার একটা চাকরী দরকার ;
নয় -টা পাঁচ -টা নয় ,
হাফ টাইমো না ,
একদম চব্বিশ ঘন্টার ফুল টাইম চাকরী।
যদিও আমার তেমন কোন জব এক্সপেরিয়েন্স নেই ;
তবু দেখবেন সকাল সকাল নাস্তাটা ঠিকি পেয়ে যাবেন ডায়নিং টেবিলে।
টাইয়ের নটটা যদি না বাঁধতে পারেন তাহলে আলতো করে আওয়াজ দিয়েন,
যথাসময়ে পৌঁছে যাবো,
ইউটিউব থেকে ওটা আমি ভালোই রপ্ত করেছি।
তবে হ্যাঁ,আমায় যদি জব কনফার্মেশন করেন
তবে আর কুক রাখতে হবে না তা বলতে পারছি নিশ্চিত।
সবাই বলে আমি নাকি রাঁধতে পারি দারুন।
গনিতের ওপর এম এস সি করাই আছে ;
আপনাকে আর ছুটির দিনে বাজারে না গেলেও চলবে,
গুনে গুনে সঠিক দামে পেঁয়াজ-রসুন ঠিকি কিনতে পারবো।
আমার কিন্তু ফুল টাইমই চাকরী দরকার;
একদম ২৪ ঘন্টাই ।
হাফ ডে বা ফ্রী ল্যান্সার নয় ;
কখনো যদি মাথা ধরে যায় হাজার কাজের চাপে,
একটা কেবল মিস কল দিয়েন ;
দেখবেন মাথার ম্যাসেজটাও আমি কি দারুন করতে পা্রি-
চোখের পাপড়ি জুরে ঘুম নেমে আসবে নিমিষে ।
মাসিক স্যালারী নিয়ে ভাবছেন ?
না কোন কাগজের টুকরোর প্রয়োজন নেই আমার ।
মাস গেলে কেবল একটি বাংলা সিনেমা হলেও চলবে ,
আর যদি একটু সময় বাঁচাতে পারেন ব্যস্ত জীবন থেকে;
তবে নিয়ে যাবেন সমুদ্র গাহনে যেখানে গোধূলীরা নির্জনে হেসে ওঠে ।
বোনাস কিন্তু দিতে হবে বছর ঘুরে দু”বার ,
না না, কোন পূজোয় বা রোযায় নয়।
পয়লা ফাল্গুন আর বৈশাখের প্রথম দিন দুটো রঙ্গীন শাড়ী।
ভাবছেন,আপনি ঘুমিয়ে গেলে বাকী আট ঘন্টা আমার কি কাজ ?
আছে,রাত্রি জেগে কেবল মশা পাহারা দেবো,
জানেনিতো এই শহরে আবর্জনার যা স্তূপ।
মশারীতে নিশ্চই ঘুম আসেনা এক দমই,
আর কয়েল ? ওটা স্বাস্থ্যের জন্যে বড়ই অপকারী ;
তাহলে চাকরীটা আমি পেয়ে যাচ্ছি নিশ্চই।
একদম ঝামেলা মুক্ত একটি ডেজিগনেশন বিহীন ফুলটাইম চাকরী ।
-------------------------------------------------------------------
একখানা চা্কুরী চাহিয়া আবেদন লিখিতে যাইয়া ইহা আমি কি লিখিলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৫ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





